ভারত ম্যাচের আগেই তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে তাসকিন আহমেদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার যে আবেদন জানানো হয়েছে, সে ব্যাপারে আজই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবে আইসিসি। আর সেটা হতে পারে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই।
সিদ্ধান্তটা তাসকিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারেরই হবে কি না, তা অবশ্য কাল রাতেও নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ‘এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। কাজেই নিশ্চিত করে বলা যাবে না যে, রিভিউর আবেদনের ফলাফল আমাদের জন্য ইতিবাচক হবে কি না। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানার সব রকম চেষ্টা করছি আমরা।’ ফলাফল যা-ই হোক, বিসিবি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত চায় বলে জরুরি ভিত্তিতে শুনানির ব্যবস্থা নিয়েছে আইসিসি।
বিসিবির আইনজীবীদের মাধ্যমে তাসকিন আহমেদ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন গত পরশু। ধর্মশালা থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কাল বিকেলে বেঙ্গালুরুর রিটজ-কার্লটন হোটেলে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদের কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রিভিউর শুনানি হয়। প্রায় সাড়ে চার ঘণ্টার শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছেন তাসকিন আহমেদ, খালেদ মাহমুদ, সাকিব আল হাসান, কোচ চন্ডিকা হাথুরুসিংহে, পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ও বিসিবির আইনজীবী মুদাচ্ছির আলী। শুনানির পর কাল গভীর রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা।