ভারত যাচ্ছে থ্রো বল দল
থ্রো বল খেলাটাকে বলা যায় ভলিবল ও হ্যান্ডবল খেলার মিশেল। ভলিবলের নেটের ওপর দিয়ে হ্যান্ডবলের মতো ছুড়ে খেলতে হয় এটি। প্রতিটি দলে থাকে সাতজন খেলোয়াড়। ভলিবলের মতো সেট শেষ হয় ২৫ পয়েন্টে। তবে পাঁচ সেটে নয়, তিন সেটে নিষ্পত্তি হয় খেলা। বাংলাদেশে খেলাটা একেবারে অপ্রচলিত। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে নাকি বেশ জনপ্রিয়।
২০১২ সালে বাংলাদেশে প্রথম থ্রো বল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলেও এখনো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তালিকাভুক্ত হয়নি। ২০১৩ সালে প্রথম খুলনার ক্রিসেন্ট জুট মিল মাঠে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন কর্মকর্তারা। এরপর গত মার্চে হয়েছে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ। এবার আন্তর্জাতিক আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল।
বেঙ্গালুরুতে আগামী ৭ থেকে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত। বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে ৩ আগস্ট। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করবে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কাল এ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুন।