ভারত যাচ্ছেন না ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে সাড়া দেননি ইমরান খান। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক জানিয়েছেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে বোর্ডের আমন্ত্রণে ভারতে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ‘পাকিস্তান অবজারভার’কে নিশ্চিত করেছেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান। তবে আমন্ত্রণ পাওয়া বাকি ক্রিকেটারদের কেউ আপত্তি জানাননি। লাহোর থেকে ফোনে আশরাফ বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুধু ইমরান খানের প্রত্যাখ্যানপত্র পেয়েছি। ইমরান খুব ব্যস্ত রাজনীতিক। এই ব্যস্ততার কারণেই নিজের অনীহার কথা জানিয়েছেন তিনি। তবে আমরা তাঁকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’পাঁচ বছর পর ফিরে আসছে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। ভারতে অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত এই সিরিজে মাঠে উপস্থিত থাকতে সাবেক ১০ তারকা ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। উদ্দেশ্য, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা।পিসিবি যেসব তারকাকে আমন্ত্রণ জানিয়েছে, তাঁরা হলেন—হানিফ মোহাম্মদ, ইমতিয়াজ আহমেদ, মজিদ খান, জহির আব্বাস, মুশতাক মোহাম্মদ, ইমরান খান, জাভেদ বুরকি, ওয়াসিম বারী, ইন্তিখাব আলম ও সাদিক মোহাম্মদ।পাকিস্তানের আসন্ন ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডেসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে পিসিবির আমন্ত্রিত দুজন করে সাবেক ক্রিকেটার মাঠে উপস্থিত থাকবেন। আগামী ২২ ডিসেম্বর পাকিস্তান দলের ভারতে পৌঁছার কথা রয়েছে।ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখে ভারত। ওই বছর থেকে এখন পর্যন্ত আইপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি।