ভারত সফরে জয়ের মুখ দেখল ইংল্যান্ড
কয়েক দিন আগেই আইসিসি-ঘোষিত প্রথম টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করেছিল ইংল্যান্ড। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই যেন ভারত সফরের একমাত্র টি-টোয়েন্টিটি জিতে নিল তারা। সেই সঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর অন্তত একটা ম্যাচে জয় দিয়ে দেশে ফিরতে পারবে ইংলিশরা। ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় সফরকারী ইংল্যান্ড।দলীয় ২১ ও ৪০ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ইংলিশ ওপেনার কেইসওয়েটার ও হালেস। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে জয়টা নাগালে নিয়ে আসেন কেভিন পিটারসেন ও সামিত প্যাটেল। কেভিনসন খেলেন ৩৯ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস। প্যাটেলের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ পর্যায়ে রবি বোপারার ১৫ রানের ইনিংসটির সুবাদে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু প্রথম দুই ওভারের মধ্যেই ওপেনার আজিনকা রেহানে ও রবিন উথাপার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকেরা। কয়েক ওভার পরে কোহলির উইকেটও তুলে নেন ব্রেসনান। চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়েন তিওয়ারি ও রায়না। দলীয় ৬৬ রানের মাথায় প্যাটেলের শিকারে পরিণত হন তিওয়ারি। পরের ওভারে রায়না ও জাদেজাকেও সাজঘরমুখী করেন ফিন। শেষ পর্যায়ে ধোনির ২১ ও অশ্বিনের ১৭ রানের ইনিংস দুটির সুবাদে ১২০ রান সংগ্রহ করতে পারে ভারত।