ভারত সফরে তাঁরা ১০ জন
ছিঁড়ে যাওয়া ক্রিকেট-সম্পর্কটা জোড়া দিতে অনেক কাঠখড়ই পুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে বরফ গলার পর দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ডিসেম্বরেই ভারতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। এটা পুরোনো খবর। নতুন খবর হলো শুধু বর্তমান জাতীয় দলের খেলোয়াড়েরাই নন, পিসিবি ভারতে নিয়ে আসছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের ১০ সদস্যদের একটি দলও। ‘শুভেচ্ছাদূত’-এর ব্যানারে সাবেক এই ক্রিকেটাররা বিভিন্ন ভেন্যু ঘুরে সিরিজের ম্যাচগুলো দেখবেন এবং দুই দেশের ক্রিকেট-সম্পর্কের উন্নয়নে কাজ করবেন।অভিনব এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে ‘শুভেচ্ছাদূত’ হিসেবে গঠিত দল নিয়ে প্রশ্নও উঠেছে। বিবৃতিতে পিসিবি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। কিন্তু নির্বাচিত তালিকায় এমন অনেকে আছেন, যাঁদের কিংবদন্তি বলা চলে না। উল্টো দিকে সাবেক অধিনায়ক আসিফ ইকবাল, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, রশিদ লতিফ, মঈন খান এমনকি জাভেদ মিয়াঁদাদের জায়গা হয়নি পিসিবির গঠিত ‘শুভেচ্ছাদূতের’ তালিকায়। পিসিবির যুক্তি, তালিকা করা হয়েছে সময় বিবেচনা করে। ১৯৫০, ’৬০, ’৭০-এর দশকে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্য থেকেই এই খেলোয়াড়দের নির্বাচিত করা হয়েছে। অন্যদের আমরা ভবিষ্যতের কোনো ইভেন্টে বিবেচনা করব’—বলেছেন পিসিবির মুখপাত্র। নির্বাচিত তালিকাও তাঁর কথারই প্রতিধ্বনি। ১০ সদস্যের দলে আছেন হানিফ মোহাম্মদ, ইমতিয়াজ আহমেদ, মাজিদ খান, জহির আব্বাস, মুস্তাক মোহাম্মদ, ইমরান খান, জাভেদ বার্কি, ওয়াসিম বারি, ইন্তেখাব আলম ও সাদিক মোহাম্মদ।কিন্তু পিসিবি যে যুক্তিই দিক, বোর্ডের বাছাইপ্রক্রিয়ার সমালোচনা করে পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার বলেছেন, ‘কল্পনাশক্তি দিয়েও আপনি বার্কি, ইন্তিখাব, সাদিককে পাকিস্তানের কিংবদন্তি বানিয়ে দিতে পারবেন না।’ আরেক সাবেক ক্রিকেটারের দাবি, ‘ভালো হতো যদি একটি ভেন্যুর জন্য নির্দিষ্ট কোনো যুগের দুজন খেলোয়াড়কে বাছাই করা হতো। তা হলে ’৮০ এবং ’৯০-এর দশকে যেসব কিংবদন্তিকে আমরা পেয়েছি, তাঁরা বঞ্চিত হতেন না।’ ওয়েবসাইট।