ভারত সফরে নেই ভেট্টোরি
ভারতের স্পিন-সহায়ক কন্ডিশনে ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তাঁকে বাইরে রেখেই দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছেন কিউই নির্বাচকেরা।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে কুঁচকিতে চোট পেয়েছিলেন ভেট্টোরি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আজ জানিয়েছে, সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্টে অংশ নেওয়া এই ক্রিকেটার।টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভেট্টোরি। তবে অবসর ভেঙে তিনি ফিরছেন আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত মাসে ঘোষিত নিউজিল্যান্ডের ৩০ সদস্যের সম্ভাব্য দলে আছেন তিনি।ভারত সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে নিউজিল্যান্ড। হায়দরাবাদে ২৩ আগস্ট মাঠে গড়াবে সফরের প্রথম টেস্ট। সফর শেষ হবে ১১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।ভেট্টোরির বদলে ভারত সফরে দলে নেওয়া হয়েছে জিতান প্যাটেলকে। এ সফরে ভেট্টোরিকে না পাওয়া ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে নিউজিল্যান্ডের প্রধান নির্বাচক কিম লিটলজন বলেছেন, দুর্ভাগ্যবশত ইনজুরি কাটিয়ে টেস্ট সিরিজে ফিরে আসতে পারবে না ভেট্টোরি। কিন্তু ওর ইনজুরি জিতান প্যাটেলকে দলে ফেরার সুযোগ করে দিয়েছে। ওয়ারউইকশায়ারের হয়ে দুর্দান্ত পারফরম করেছে জিতান। তাই সুযোগটা ওর প্রাপ্য ছিল।কিম লিটলজন বলেন, ভারত সফর এ দলটার জন্য হবে বড় চ্যালেঞ্জের। ব্যাটিং লাইনআপে শক্তি বাড়ানোর জন্য জেমস ফ্রাঙ্কলিনকে দলে আনা হয়েছে। ভারতীয় কন্ডিশনে ওর খেলার অভিজ্ঞতা দলের জন্য বেশ কাজে লাগবে।নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ড্যানিয়েল ফিন, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গাপটিল, ক্রিস মার্টিন, ব্রেন্ডন ম্যাককালাম, তারুণ নিথুলা, জিতান প্যাটেল, টিম সাউদি, ক্রুজার ভ্যান ভিক, নিল ওয়েঙ্গার, বি জে ওয়াটলিং ও কেন ইউলিয়ামসন।