ভারত সফরে বিতর্ক এড়াতে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে স্ত্রীদেরও পাঠানো হয়েছিল

বিতর্ক এড়াতে পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গী ছিলেন তাঁদের স্ত্রীরাবিসিসিআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট মাঠে ভারত–পাকিস্তানের দ্বিপক্ষীয় লড়াই দেখা যায় না বহুদিন হয়ে গেল। দুই দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২ সালে, সেবার ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান দল। সে সফর নিয়েই এত দিন পর চমকপ্রদ এক তথ্য জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ। শহীদ আফ্রিদি–মিসবাহ–উল হকেরা যেন কোনো বিতর্কে না জড়ান, সে জন্য তাঁদের স্ত্রীদেরও সে সফরে পাঠিয়েছিল পিসিবি।

জাকা আশরাফ তখন পিসিবি চেয়ারম্যান। সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’কে এ নিয়ে বলেছেন, ‘আমার সময়ে দল যখন ভারত সফরে গিয়েছিল, আমি বলেছিলাম, খেলোয়াড়দের স্ত্রীরা সফরে তাঁদের সঙ্গী হবেন। কোনো বিতর্ক যেন না হয় সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ, ভারতীয় সংবাদমাধ্যম এমন কিছু পেলেই উঠেপড়ে লাগবে। খেলোয়াড়দের নিয়ন্ত্রণে রাখতে তাঁদের স্ত্রীদের সঙ্গে পাঠানো হয়েছিল।’

২০১২ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে এই সফর শেষ হয়
বিসিসিআই

২০১২ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে এই সফর শেষ হয়। ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। টি–টোয়েন্টি সিরিজ ড্র হয় ১–১ ব্যবধানে। জাকা আশরাফ জানান, সবাই তখন বিষয়টি ইতিবাচক চোখেই দেখেছে, ‘সবাই বিষয়টি ভালোভাবে নিয়েই ভারত সফরে গিয়েছিল। শৃঙ্খলাবদ্ধ ছিল সবাই। পাকিস্তান দল যতবারই ভারত সফরে গিয়েছে, ফাঁদ পেতে খেলোয়াড় ও দেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। সেবার এটা এড়ানো গেছে।’

২০১২ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে পাকিস্তান ও ভারত
বিসিসিআই

পিসিবিকে সে সময় পাকিস্তানে গিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিসিআই, এমন কথাও জানিয়েছেন জাকা আশরাফ, ‘ক্রিকেটের দিক থেকে ভারত সরকারের সঙ্গে আমাদের বন্ধনটা আবারও সুসংহত করা উচিত। তারা আমাদের সংক্ষিপ্ত সফরের জন্য নিমন্ত্রণ করেছিল। সেখানে যাওয়ার পর বিসিসিআইয়ের তখনকার চেয়ারম্যান শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ করি। নিখুঁত নিরাপত্তা দেওয়ার শর্তে ভারতের পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।’