ভারত সফরেও নেই কেপি
‘সম্পর্ক বিশেষজ্ঞ’ নিয়োগ করেও লাভ হলো না কেভিন পিটারসেনের। ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার হলো না তাঁর। ভারত সফরের টেস্ট দলে ডাক পাননি কেপি। নভেম্বরে শুরু হতে যাওয়া চার টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে কেপির না থাকাটা অবশ্য চমক নয়। এমনটা ধারণাই করা হচ্ছিল। তবে চমক আছে আরেকটা। নতুন মুখ হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে আছেন নিক কম্পটন। ২৯ বছর বয়সী নিক সর্বকালের অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান ডেনিক কম্পটনের নাতি। অন্য নতুন মুখ জো রুট।চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষজ্ঞ টিভি ধারাভাষ্যকার হিসেবে বর্তমানে শ্রীলঙ্কায় আছেন পিটারসেন। অবশ্য ইসিবির সঙ্গে আলোচনা চলছে। গত সপ্তাহে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। এতেই পরিষ্কার, দুই পক্ষের সম্পর্কটা এখনো শীতল। সেটা স্বীকারও করেছেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চূড়ান্ত টেস্টে যে কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল, সেটি নিয়ে ইসিবি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ওর একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনার বিষয় ব্যক্তিগত এবং গোপনীয়। এখনো কিছু কিছু বিষয় সমাধান করতে বাকি। এ কারণে কেভিনকে ভারত সফরের জন্য বিবেচনা করা হয়নি।’ফ্লাওয়ার-স্ট্রাউসকে নিয়ে কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের মুঠোফোনে উপহাসমূলক বার্তা পাঠিয়ে সর্বশেষ সমস্যার জন্ম দেন কেপি। ফাঁস হয়ে যায় সেই বার্তা। এ জন্য অবশ্য স্ট্রাউসের সঙ্গে দেখা করে ক্ষমাও চান। তাঁর খেলা সর্বশেষ হেডিংলি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরির পরও বাইরে বসে থাকাটা মোটেও উপভোগ করছেন না। বাদ পড়ার পর কাল বিবৃতি দিয়ে সেটি জানিয়েও দিয়েছেন।দক্ষিণ আফ্রিকা সিরিজের পর স্ট্রাউসও অবসর ঘোষণা করেন। কেপি আর স্ট্রাউসের না-থাকা ব্যাটিং লাইনআপে শূন্যতা তৈরি করবে। এ কারণেই পাকিস্তান সিরিজের পর বাদ পড়া এউইন মরগানকে ডাকা হয়েছে। যদিও মরগান ঘরোয়া ক্রিকেটে এর মধ্যে ভালো কিছু করতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেই দুর্দান্ত খেলে ডাক পেয়েছেন কম্পটন। ওয়েবসাইট।ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধি.), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, নিক কম্পটন, স্টিভেন ফিন, গ্রাহাম অনিয়নস, এউইন মরগান, মন্টি পানেসার, সামিত প্যাটেল, ম্যাট প্রায়র, জো রুট, গ্রায়েম সোয়ান ও জোনাথন ট্রট।