ভারত সফরের আলোচনা হবে?
আমন্ত্রণটা আইপিএল ফাইনাল দেখার। তবে এ ধরনের আমন্ত্রণ রাখার উদ্দেশ্য থাকে দুটোই—রথ দেখা ও কলা বেচা। বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর বর্তমান ভারত সফরেও আছে তেমন উদ্দেশ্য। তবে কাল পর্যন্ত কেবল রথ দেখাই হয়েছে তাঁদের, কলা বেচা হয়নি।
আইপিএলের ফাইনাল দেখার পাশাপাশি সফরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক আলোচনা করারও ইচ্ছা ছিল বিসিবি কর্মকর্তাদের। এর মধ্যে অন্যতম বাংলাদেশ দলের ভারত সফর। বহুপ্রতীক্ষিত এই সফরের জন্য এ বছরই আমন্ত্রণ পাবে বাংলাদেশ, এমন একটা আশা দেওয়া আছে বিসিসিআই থেকে। বিসিবি চেষ্টা করছে সে আশাকে জীবন্ত করে তুলতে। আইপিএল ফাইনাল দেখতে গিয়ে এ নিয়ে আলোচনা আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল বিসিবি সভাপতির। কিন্তু কাল পর্যন্ত নাকি তাঁর সঙ্গে দেখাই হয়নি বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনের! তবে কুশলবিনিময় হয়েছে নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে।
দেখা-সাক্ষাৎ হলেও অবশ্য বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে এখন শ্রীনিবাসনের কথা বলার সময় আছে বলে মনে হয় না। আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জামাতা গুরুনাথ মায়াপ্পনকে। চরম বিতর্কিত এই পরিস্থিতিতে ‘পদত্যাগ করবেন কি না’ প্রশ্নটা শুনতে শুনতেই অস্থির শ্রীনিবাসন, অন্য কিছু ভাবার সুযোগ কই? আর শুধু বিসিসিআই প্রধান নন, ভারতীয় বোর্ডের অন্য শীর্ষ কর্তারাও এখন আইপিএল-বিতর্ক সামলাতেই ব্যস্ত। সূত্র জানিয়েছে, ভারতে গেলেও এ অবস্থায় তাদের সঙ্গে অন্য কিছু নিয়ে কথা বলতে বিব্রত বোধ করছেন বিসিবি কর্মকর্তারাও।
কলকাতায় অবস্থানরত বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে কাল দুপুরে টেলিফোন করেও তাই জানা গেল না দ্বিপাক্ষিক কোনো আলোচনার কথা। তবে আশায় ছিলেন তিনি, ‘খেলা দেখার সময় অনেকের সঙ্গে দেখা হতে পারে। হয়তো তখন কথা বলার সুযোগ হবে।’ দুটি ভিন্ন ফ্লাইটে আজই দেশে ফেরার কথা বিসিবি সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর।