ভারত সফরের ‘এ’ দলে ৬ টেস্ট ক্রিকেটার
অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হবে আরও দু-এক দিন পর। তবে ভারত সফরের জন্য ৬ জন টেস্ট ক্রিকেটারকে নিয়ে কালই ঘোষণা হয়ে গেছে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল। শাফি দারাশাহ আমন্ত্রণমূলক চার দিনের ম্যাচের টুর্নামেন্ট খেলতে ‘এ’ দল ভারতের বেঙ্গালুরু যাবে ২৩ জুলাই।বেঙ্গালুরু ছাড়াও টুর্নামেন্টের খেলা হবে মহীশূরে। তবে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ‘এ’ দলের সব ম্যাচই বেঙ্গালুরু হবে। এই গ্রুপের অন্য তিন দল কর্ণাটক রাজ্য দল, কর্ণাটক কোল্টস ও বরোদা রাজ্য দল। ‘বি’ গ্রুপে আছে কর্ণাটক সভাপতি একাদশ, মুম্বাই, রাজস্থান ও হায়দরাবাদ রাজ্য দল। এদের মধ্যে রাজস্থান গত দুবারের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন। মুম্বাই রঞ্জির শিরোপা জিতেছে রেকর্ড ৩৯ বার। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টটি শুরু হবে ২৭ জুলাই। বেঙ্গালুরুতে ফাইনাল শুরু হবে ১১ আগস্ট।বাংলাদেশ ‘এ’ দল: শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, আলাউদ্দিন বাবু, ডলার মাহমুদ ও কাজী কামরুল ইসলাম। স্ট্যান্ডবাই: রবিউল ইসলাম, নাসিরউদ্দিন ফারুক, আরাফাত সানি ও আল আমিন।