ভারত সিরিজের আগেই বোলিং কোচ

চন্ডিকা হাথুরুসিংহের ঘোষণা এসে গেছে আগেই। আগামী দুই বছরের জন্য এই শ্রীলঙ্কানই হচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কাল জানা গেল, চূড়ান্ত হয়ে গেছে পেস বোলিং কোচও। আজ-কালের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল সে রকমই আভাস দিলেন।
পেস বোলিং কোচের সম্ভাব্য তালিকায় ছিলেন জিম্বাবুয়ের হিথ স্ট্রিক, শ্রীলঙ্কার চামিন্ডা ভাস ও চম্পকা রমানায়েকে। এঁদের মধ্যে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক এগিয়ে ছিলেন শুরু থেকেই। একটি সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন বাংলাদেশ দলের বোলিং কোচ। তবে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কালই ব্যাপারটা নিশ্চিত করতে চাননি, ‘বেশ কয়েকজনের সঙ্গে আমাদের আলোচনা চলছে। যিনি ভারত সিরিজের আগে দায়িত্ব নিতে পারবেন, আমরা তাঁকেই বোলিং কোচ হিসেবে নেব।’ সে ক্ষেত্রে পথ খোলা থাকছে শ্রীলঙ্কানদের জন্যও।
বোর্ড সভাপতি নাজমুল হাসান শুরু থেকেই বলে আসছেন, পেস বোলিং, স্পিন বা ফিল্ডিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ হবে খণ্ডকালীন। দীর্ঘমেয়াদী চুক্তি হবে না কারও সঙ্গেই। এখন মনে হচ্ছে, সে অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বিসিবি। বোলিং কোচ যাঁকেই করা হোক না কেন, তাঁর সঙ্গেও লম্বা সময়ের চুক্তি হতে পারে। তবে প্রধান কোচের মতো হয়তো সব সময় জাতীয় দলের পাশে থাকবেন না তিনি। বোলিং কোচের সঙ্গে চুক্তি হবে বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য। একটি সূত্রে জানা গেছে, বছরে কমপক্ষে ২০০ দিন জাতীয় দলের সঙ্গে কাজ করবেন, এ রকম একটা চুক্তিই হতে যাচ্ছে হিথ স্ট্রিকের সঙ্গে।
আগামী মাসের ১৫, ১৭ ও ১৯ তারিখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগেই প্রধান কোচ এবং বোলিং কোচ পেয়ে যাওয়াটা সুসংবাদ। তবে প্রধান কোচ দলের সঙ্গে যোগ দেবেন আগামী ১০ জুন, তার মানে সিরিজ শুরুর মাত্র পাঁচ দিন আগে। কাল থেকে শুরু অনুশীলন ক্যাম্পের দায়িত্বে তাহলে কে থাকবেন? বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ‘আমরা ইমরান (সরওয়ার ইমরান) ভাইকে সহকারী কোচ হিসেবে নিচ্ছি। তাঁর অধীনেই দল অনুশীলন শুরু করবে। হাথুরুসিংহে আসার পরও ভারত সিরিজে তিনি সহকারী থাকবেন।’ ভারত সিরিজে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থাকবেন সম্ভবত বোর্ড পরিচালক খালেদ মাহমুদ।
প্রধান কোচ এবং ট্রেনারের পর বোলিং কোচের ব্যাপারেও সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেলেও স্পিন কোচ আর ফিল্ডিং কোচ এখনো খঁুজে পায়নি বিসিবি। ভারত সিরিজের আগে এই দুটি পদে বিদেশি কাউকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে ফিল্ডিং কোচ হিসেবে স্থানীয় কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে হাথুরুসিংহকে পেয়ে যাওয়ার পর ব্যাটিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ আনার চিন্তাটি আপাতত বাদই দিয়েছে বিসিবি। ‘হাথুরুসিংহে শুধু একজন কোচই নন, তিনি একজন মেন্টরও । পুরো দলকে কোচিং করানোর পাশাপাশি ব্যাটসম্যানদের সঙ্গে আলাদা আলাদাভাবেও কাজ করবেন। কাজেই এখন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ না আনলেও চলবে’—কাল টেলিফোনে বলেছেন জালাল ইউনুস।