ভারত সিরিজের টিকিট আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। তবে আজ শুধু ইউক্যাশের মাধ্যমেই টেস্ট ম্যাচের টিকিট বিক্রি করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকের নির্ধারিত শাখায় নগদ টাকায় টিকিট পাওয়া যাবে আগামীকাল থেকে। ওয়ানডে সিরিজে ম্যাচের দুই দিন আগে ইউক্যাশে ও এক দিন আগে নির্ধারিত শাখা থেকে টিকিট কেনা যাবে।
ফতুল্লা টেস্টের টিকিট ইউক্যাশের মাধ্যমে কেনা যাবে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও পাগলাবাজার শাখা থেকে। কাউন্টার থেকে সরাসরি কেনা যাবে শুধু নারায়ণগঞ্জের টানবাজার শাখায়। ওয়ানডে সিরিজে টিকিট ইউক্যাশের মাধ্যমে কেনা যাবে ঢাকার প্রগতি সরণি, মিরপুর রোড, শান্তিনগর ও উত্তরা শাখায়। আর কাউন্টার থেকে টিকিট বিক্রি করবে শুধু মিরপুর শাখা।
১০ জুন শুরু ফতুল্লা টেস্টের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা। এ ছাড়া আন্তর্জাতিক গ্যালারি ৩০০, ক্লাব হাউস ২০০, পশ্চিম গ্যালারি ৮০ ও পূর্ব গ্যালারির প্রতিদিনের টিকিটের দাম ৫০ টাকা।
ওয়ানডে টিকিটের দাম পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ও হসপিটালিটি লাউঞ্জ ৩ হাজার টাকা করে।