ভারত সিরিজের দলে মিঠুন, তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুজনই। তবে মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ ওয়ানডে দলে ডাক পেলেন এই প্রথম। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে দুই ক্রিকেটারকেই।
দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘আমরা দলে খুব একটা নাড়াচাড়া করতে চাইনি। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপ সামনে রেখে ব্যাকআপ খেলোয়াড়দের অবস্থাটা জানাও জরুরি।’ মিঠুনের জন্য দলে সুযোগ পাওয়াটাকে প্রধান নির্বাচক বলেছেন ধারাবাহিক পারফরম্যান্সেরই পুরস্কার। আর তাসকিনের জন্য ঘরের মাঠে ভালো ভালো ব্যাটসম্যানদের বিপক্ষে কিছু একটা করে দেখানোর সুযোগ।
তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আছেন মাশরাফি বিন মুর্তজা এবং আল-আমিন হোসেনও। দলে রাখা হয়েছে বোলিং অলরাউন্ডার জিয়াউর রহমানকেও। তবে দলে নেই রুবেল হোসেন। প্রধান নির্বাচকের ভাষায়, ‘দলে ভারসাম্য রাখতেই রুবেল হোসেনকে বাইরে রাখা হয়েছে।’
ভারত সিরিজের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক (বিজয়), শামসুর রহমান, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।