ভারত সিরিজের প্রস্তুতিতে হাথুরুসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লারা একবার পাঁচতলা থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু হাত-পাসহ শরীরের বেশ কিছু হাড় ভাঙা ছাড়া তাঁর আর কিছুই হয়নি। লারা এখন দিব্যি বল ছুড়তে পারেন। এতটাই জোরে যে কাল অনুশীলনে চন্ডিকা হাথুরুসিংহের রাগবির গ্লাভস পরা হাতটাকেও ধাক্কা দিয়ে চলে গেল সেই বল!
লারা...হাথুরুসিংহে...বল ছোড়া– একটার সঙ্গে আরেকটার যোগ দেখে নিশ্চয়ই ধাক্কা খাচ্ছেন। ব্রায়ান লারা আবার পাঁচতলা থেকে পড়ল কবে! বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গেই বা তাঁর কাজ কী? মুশফিক-তামিমদের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হয়ে গোপনে চলে আসেননি তো ক্যারিবীয় বরপুত্র!
না, সে রকম কিছু নয়। আলোচ্য ‘লারা’র আসল নাম মোহাম্মদ রফিক, বিসিবিতে কাজ করেন ‘টিম বয়’ হিসেবে। অনুশীলনে কাল এই লারাই একটা বল ছুড়ে হাথুরুসিংহেকে দেখালেন জোড়া লাগা হাড়েও এখন কত শক্তি! এর আগে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদের কাছে লারার পাঁচতলা থেকে পড়ে গিয়েও বেঁচে যাওয়ার কাহিনি শুনে বিস্মিত হন হাথুরুসিংহে।
তিন ওয়ানডের সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ভারতীয় দল। তার আগে বাংলাদেশ দলের সঙ্গে শেরেবাংলা স্টেডিয়ামে কালই প্রথম অনুশীলনে যোগ দিলেন শ্রীলঙ্কান কোচ। প্রথম ক্লাসের আগে লারার মতো বিস্ময় তাঁকে উপহার দিয়েছেন তাঁর নতুন এক ছাত্রও। নির্বাচকেরা ‘এ’ দলে রাখলেও সিদ্ধান্তটা প্রত্যাখ্যান করে ওই ক্রিকেটার চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। কারণ, ‘এ’ দলের ফ্লাইটটা ছিল বিমানের সুলভ শ্রেণীর। প্রথম শ্রেণিতে আসন না পেলে এত লম্বা পথ যেতে নাকি কষ্ট হবে তাঁর! একজন ক্রিকেটারের এমন মানসিকতা দেখে একই সঙ্গে বিস্মিত এবং আহত হয়েছেন হাথুরুসিংহে।
অবাক হওয়ার মতো ব্যাপারই। তবে হাথুরুসিংহে আরও অবাক হতে পারতেন ‘এ’ দলের সঙ্গে ওয়ানডে দলে যোগ দেওয়া আরেক ক্রিকেটারের ঘটনা শুনলে। ওই ক্রিকেটার প্রথমে শুনেছিলেন তাঁকে ভারত সিরিজের দলে রাখা হতে পারে। এটা শুনে তাঁর খুবই মন খারাপ হলো—‘আমার তাহলে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না!’ জাতীয় দলে খেলার চেয়েও একজন ক্রিকেটারের কাছে যখন বিদেশ সফরটাই বড় হয়ে ওঠে, তখন ক্রিকেটার হিসেবে তাঁর দায়বদ্ধতাই প্রশ্নবিদ্ধ হয়৷
সবার মনেই যে প্রথম শ্রেণির টিকিট আর বিদেশ সফর ঘোরে, তা নয়। চিন্তায়-মানসিকতায় সর্বাগ্রে ক্রিকেটকে রাখা খেলোয়াড়েরও অভাব নেই জাতীয় দলে। তবে হ্যাঁ, দু-একজনের ও রকম মানসিকতা কোচের কাজটা বাড়িয়ে দেয় বৈকি। নতুন কোচ যে প্রথম দিনের অনুশীলনে নামার আগে বৃত্তাকার টিম মিটিংয়ে বললেন, টেকনিক্যাল বিষয়গুলোর চেয়ে আপাতত খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির ওপরই বেশি জোর দিতে চান, সেটা বোধ হয় ঠিকই আছে।
মাঝমাঠে অবশ্য কাল ব্যাট-বলের অনুশীলনও কম হলো না। ফ্লাড লাইটের আলোয় দিবারাত্রির অনুশীলন চলল প্রায় ঘণ্টা চারেক। মাঝ উইকেটে ব্যাটিং-বোলিং, ফিল্ডিং প্র্যাকটিস—সবই হলো। তার আগে ড্রেসিংরুমে দু-একজন ক্রিকেটারের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন হাথুরুসিংহে। ক্রিকেটারদের জানতে সবার সঙ্গেই কোচ আলাদা করে বসবেন।
১৫ জুন প্রথম ম্যাচের আগে হয়তো কাজটা পুরোপুরি শেষ হবে না। তাতে সমস্যাও হওয়ার কথা নয়। এই সিরিজে তো মূলত পর্যবেক্ষকের ভূমিকায়ই থাকবেন হাথুরুসিংহে। সহকারী কোচ সরওয়ার ইমরানের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হয়ে গেছে আরও আগে এবং সেটা বেশ ভালোই হচ্ছে বলে ধারণা তামিম ইকবালের, ‘এই সিরিজের আগে খেলা না থাকায় অনেক সময় পেয়েছি। দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছি। সব মিলিয়ে অনুশীলন ভালো হচ্ছে। ১৫ তারিখে ভালো একটা শুরু করতে পারলে আশা করি আমরা খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারব।’