ভারত স্কুলপড়ুয়াদের দল!
খুব হতাশাজনকভাবেই ইংল্যান্ড সফর শুরু করেছে বিশ্বকাপজয়ী ভারত। প্রথম টেস্টে ১৯৬ রানের হারের পর দ্বিতীয় টেস্টটিও তারা হেরেছে ৩১৯ রানের ব্যবধানে। টানা দুটি টেস্টে ইংল্যান্ডের সহজ জয়ের পর ধোনিদের সমালোচনায় মুখর হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ধোনি-বাহিনীর এই পারফরমেন্সে চটেছেন সুনীল গাভাস্কারও। ভারতীয় দলকে স্কুলপড়ুয়া একটা দলের সঙ্গে তুলনা করেছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি।সংবাদপত্রের একটি কলামে গাভাস্কার লিখেছেন, ‘ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে পুরোপুরি বিপর্যস্ত হয়েছে। মনে হচ্ছিল, একটা পেশাদারি দলের বিপক্ষে স্কুলপড়ুয়া একটা দলের খেলা হচ্ছে। দুই টেস্ট মিলিয়ে চার ইনিংসে ভারত এখনো ৩০০ রানের কোটা পার করতে পারেনি। বোলিংয়ে শুরুতে ভালো করলেও পরে শুধু হতাশই হতে হয়েছে।’অধিনায়ক ধোনির পারফরমেন্সেও হতাশা প্রকাশ করেছেন গাভাস্কার। এখন পর্যন্ত চার ইনিংসে ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ৪৯ রান। দলের সামগ্রিক ভালো পারফরমেন্সের জন্য অধিনায়কের ভালো খেলাটা জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক এই টেস্ট ওপেনার। বলেছেন, ‘অধিনায়কের পারফরমেন্স খারাপ হতে শুরু করলে দলের ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলারও সম্ভাবনা থাকে। এখন ধোনির অবশ্যই ব্যাট হাতে ভালো করা উচিত।’ ওয়েবসাইট।