ভারত ১৮: ভুটান ০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে ভুটানের গোলরক্ষক দর্জি চদেনের ফরসা মুখের দিকে তাকানো যাচ্ছিল না। একাদশ শ্রেণীর ছাত্রী যেন এক যুদ্ধবিধ্বস্ত সৈনিক। একটু আগেই যে তাঁর দল গুনে গুনে হজম করেছে ১৮টি গোল! কক্সবাজার স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবলে কালকের প্রথম ম্যাচে ফেবারিট ভারতের সামনে খড়কুটার মতো উড়ে গেল ভুটান।এক ম্যাচেই দর্শকেরা দেখল তিনটি হ্যাটট্রিক। সাসমিতা ৭টি, বালা দেবী ৫টি, অধিনায়ক তাবাবি দেবী করেছেন ৪টি গোল। গায়ত্রী ও পিঙ্কির গোল ১টি করে। প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে যাওয়া ভারত দ্বিতীয়ার্ধে দেয় আরও ৮ গোল। এই ভুটানকেই কদিন আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল ৭-০ গোলে।ম্যাচ তখনো শেষ হয়নি। প্রেসবক্সের সাংবাদিকেরা খুঁজতে শুরু করলেন এটাই ভারতীয় মেয়েদের সবচেয়ে বড় ব্যবধানের জয় কি না। ইন্টারনেট ঘেঁটে খুব বেশি তথ্য পাওয়া গেল না। তবে দলের ম্যানেজার ইন্দু রানী দাবি করলেন, এটাই ভারতের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক জয়। তবে পরিসংখ্যানে খুব আগ্রহ নেই কোচ মোহাম্মদ শহীদ জব্বারের, ‘কত ব্যবধানে জিতলাম সেটা বড় নয়। জয়টাই বড়। আর দুর্বল প্রতিপক্ষের সঙ্গে এই জয় দিয়ে কোনো কিছু বিচার করা যায় না।’ ভুটানের জাপানি কোচ হিরোয়াকি মাতসুয়ামার সরল স্বীকারোক্তি, ‘এটা আমাদের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। মেয়েরা একেবারেই অনভিজ্ঞ। বেশির ভাগই স্কুলপড়ুয়া। মাত্র এক মাসের অনুশীলন। তার ওপর ভারতের মতো শক্তিশালী দল। সব মিলিয়েই এই ফল।’