ভারত ২১৪ রানে অল আউট
ইনজুরি থেকে ফিরেছেন। তবে বিধ্বংসী রূপটা সেই আগের মতোই আছে বীরেন্দর শেবাগের। স্বভাবসুলভ ভঙ্গিতে এই উদ্বোধনী ব্যাটসম্যান ৫৪ রানের ইনিংস খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৪৪.৩ ওভারেই ২১৪ রানে অল আউট হয়ে গেছে ভারত।দলীয় মাত্র ১২ রানে প্রথম উইকেটের পতন। ৬৩ রানে তিন উইকেট। ভারতীয় দলের যখন ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা, তখন লড়াইয়ের স্বপ্ন দেখান বীরেন্দর শেবাগ। ৫৬ বলে আট ৪ ও এক ৬-এ ৫৪ রান তুলে সাজঘরে ফিরেন তিনি।একপর্যায়ে ১৩৮ রানে ৮ উইকেটের পতন ঘটে ভারতের। এর পরও যে ভারত এত দূর আসতে পেরেছে, তা ইউসুফ পাঠান, আশিস নেহরা ও রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ইউসুফ ৩২ ও নেহরা ১৯ রান করেন। ২৫ রানে অপরাজিত থাকেন অশ্বিন।ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কৃতিত্বটা সবচেয়ে বেশি ব্রেট লির। এই ‘স্পিডস্টার’ শিকার করেন তিনটি উইকেট। এ ছাড়া দুটি করে উইকেট নেন জন হেস্টিংস ও ডেভিড হাসি। ক্রিকইনফো।