মহেন্দ্র সিং ধোনি বরাবরের মতোই নিরাবেগ। তবে উইকেটে তাঁর সঙ্গী রবীন্দ্র জাদেজা রীতিমতো লাফাচ্ছিলেন। পূজারা-অশ্বিনরা ছুটে এলেন মাঠে। চোটে ব্যাট করতে না-পারা শিখর ধাওয়ানের জন্য স্মারক স্টাম্প নিয়ে এলেন ফিজিও। তবে সবচেয়ে বেশি চোখে লাগল ডানকান ফ্লেচারের উদ্যাপন। ফ্লেচারকে শেষ কবে হাসতে দেখা গেছে, এই নিয়ে বাজি হয় প্রায়ই। ভীষণ অন্তর্মুখী এই লোকটিরই অন্য এক রূপ দেখা গেল কাল। চিৎকার করলেন যেন আকাশ-পাতাল ফাটিয়ে, পারলে ছুটে মাঠের ভেতরে ঢুকে যান। ভারতের মোহালি জয়, এই সিরিজ জয়ের এমনই মহিমা!৬ উইকেটের জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি আবার ফিরিয়ে আনল ধোনির দল। এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সিরিজে তিন টেস্ট জিতল ভারত। বৃষ্টিতে চার দিনের ম্যাচে পরিণত হওয়া টেস্ট প্রথম ইনিংসে চার শর বেশি করার পরও হারল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে বল হাতে লড়াইটা ভালোই করেছে ক্লার্কের দল। কিন্তু এটা কি আর সান্ত্বনা হতে পারে! সিরিজ যে ৩-০! এই মাঠে দুই দলের সর্বশেষ টেস্টটা নাটকীয়ভাবে ১ উইকেটে জিতেছিল ভারত। কাল ভারতের আপাতসহজ জয়ের আগেও খানিকটা রোমাঞ্চ ছড়াল। চতুর্থ ইনিংস শুরুর সময় ১৩৩ রান তাড়ায় ভারতের জন্য ছিল কমপক্ষে ২৭ ওভার। আলো পর্যাপ্ত থাকায় শেষ পর্যন্ত ভারত পেয়ে যায় ৩৫ ওভার। তাতেও টানাটানি পড়ে যাচ্ছিল। চোটের কারণে মাঠের বাইরে থাকায় ওপেন করতে পারেননি ধাওয়ান। বিজয়-পূজারা-কোহলিরা আক্রমণ আর রক্ষণের গোলক ধাঁধায় হিমশিম খেলেন। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ২২। টেন্ডুলকারের রানআউট শেষ বিকেলে ছড়াল আরেকটু রোমাঞ্চ। তবে নেমেই জাদেজার দুই চারে শেষ রোমাঞ্চ, ধোনির টানা তিন চারে ম্যাচের ইতি।ভারতের জয়ের পথটা যথারীতি তৈরি করে দিয়েছিলেন ভারতীয় স্পিনাররাই। ৭ উইকেট হাতে নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে টপাটপ, সবচেয়ে বড় ভরসা ক্লার্ককে সিরিজে পঞ্চমবার ফিরিয়েছেন জাদেজা। খোলসে ঢুকে যাওয়া হিউজ শিকার আলিম দারের ভুল সিদ্ধান্তের। শেষ দুই জুটিতে হাডিন-স্টার্ক-ডোহার্টির ৮০ রান ও প্রায় ৩৫ ওভার কাটিয়ে দেওয়া ধোনির কপালে খানিকটা ভাঁজ ফেলেছিল। তবে শেষ পর্যন্ত ভুগতে হয়নি।অস্ট্রেলিয়ায় গিয়ে ৪-০-তে হারের প্রতিশোধ ভারতের জন্য এখন মনে হচ্ছে সময়ের ব্যাপার। ধোনি অবশ্য বললেন, ‘খেলার মধ্যে আমি প্রতিশোধের কথা ভাবি না।’ সে না হয় মানা গেল, কিন্তু অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লজ্জা সমানভাবে ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চয়ই ভাবছেন ভারতের দলপতি! ওয়েবসাইট।