পাকিস্তানের বিপক্ষে জয়ের তৃপ্তিতে ভাসতে পারছি না আমি। আমাদের একমাত্র লক্ষ্য তো আসলে বিশ্বকাপ জয়। ফাইনালে ভারত দলে দুটি পরিবর্তনের কথা ভাবছি আমি। আশিস নেহরা চোটে ভুগছে, ওর বদলে অশ্বিন দলে আসতে পারে। অশ্বিন তরুণ এবং এমন উপলক্ষ ওর ভালো লাগারই কথা। তবে আমি যে দ্বিতীয় পছন্দের কথা বলব, সেটা সহজে কেউ হয়তো মেনে নেবে না। নিঃসন্দেহে সবাই ভ্রু কুঁচকে তাকাবে। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ আর উইকেট বিবেচনা সাপেক্ষে আমি বলব, ইউসুফ পাঠানকে নেওয়া যেতে পারে। যদি ইউসুফ দলে আসে, তাহলে বিরাট কোহলিই বাদ পড়বে।এমন নয় যে কোহলির বিশ্বকাপটা দুর্ভাগ্যে কেটেছে। সে কিছু ভালো ইনিংস খেলেছে। তবে এটা ওর ব্যর্থতার কাছে ম্লান হয়ে গেছে। ভারত আসলে মাঝের ওভারগুলোতে এসে ছন্দ হারিয়ে ফেলছে। ভারত শেষ দিককার ওভারগুলোতে এই বিশ্বকাপে ভালোই করতে পারল না। হয় তারা স্লগ ওভারে উইকেট হারাচ্ছে, নয় মাঝের ওভারগুলোতে ছন্দ হারিয়ে ফেলছে। শচীন টেন্ডুলকার আর বীরেন্দর শেবাগ দলকে প্রায় সব ম্যাচেই ভালো শুরু এনে দিয়েছে। তবে এই গতিটা মাঝের ও শেষের ওভারগুলোতে গিয়ে থাকেনি। এটা সম্ভবত বিরাট কোহলি ও গৌতম গম্ভীর জ্বলে উঠতে পারেনি বলেই। এই বিশ্বকাপে ধোনির নিস্পৃহ ব্যাটিংয়ের কারণেও এটা হয়েছে। তবে সুরেশ রায়না শেষের দিকে দারুণ ব্যাটিং করেছে। যুবরাজ এমন দুর্দম্য না খেললে তো ভারত এ পর্যন্ত আসতেই পারত না!আমি তো রায়নাকে ওপরের দিকে নামানোর পক্ষে। সেটাই যদি হয়, তাহলে কোহলির চার নম্বর জায়গায় উঠে আসবে রায়না। এরপর ইউসুফ পাঠান সাত নম্বরে নেমে প্রভাব বিস্তারকারী একটা ইনিংস খেলতে পারে। ভারত এভাবেই ইনিংসের মাঝে আর শেষের দিকের নিস্পন্দ ভাবটা কাটাতে পারে।ভারতের বোলিং ও ফিল্ডিং উন্নতি করেছে। তবু এই দুটিতেই বেশি মনোযোগ দিতে হবে। সবচেয়ে ভালো হয় টপ-অর্ডারের চারজনের কারও ৫০ ওভার পর্যন্ত ব্যাট করা। শ্রীলঙ্কার বিপক্ষে এটা আরও কঠিন। ওরা তো শেষ ১০ ওভারে কোনোভাবেই ভারতকে ছন্দে থাকতে দেবে না। লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস ও মুত্তিয়া মুরালিধরন (অথবা রণদিভ) কঠিন বোলার। তবে ভারত যেহেতু মাঝের ওভারগুলোয় ভালো করতে উন্মুখ হয়ে আছে, তাই এদের শেষ ১০ ওভারের আগেই হয়তো ব্যবহার করে ফেলতে পারে শ্রীলঙ্কা। তারা হয়তো বাড়তি কিছুর জন্য ফাইনালে রনদিভকে খেলাতে পারে। বীরেন্দর শেবাগের কিন্তু তরুণ এই অফ স্পিনারের বিপক্ষে কিছু হিসাব মিটিয়ে নেওয়ার আছে। তবে আমার বিশ্বাস, ফাইনালে ভারতই এগিয়ে। সর্বশেষ দুটি ম্যাচ ভারতকে ভালো প্রস্তুতিরই সুযোগ করে দিয়েছে।