দুটি আইসিসি টুর্নামেন্টকে না ধরলে বলা যায়, ২০০৯ সালটা বেশ ভালোই কাটিয়েছে ভারত। টি-টিয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইংল্যান্ডের টুর্নামেন্টে নকআউট পর্বেই উঠতে পারেনি। পরে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস ট্রফিতেও প্রথম রাউন্ড পেরোতে পারল না। বছরে এই দুটিই তাদের কালো দাগ। তা না হলে দ্বিপক্ষীয় সিরিজগুলোতে তারা ভালো করেছে আধিপত্য দেখিয়েই।২০১০ সালটা ওই দ্বিপক্ষীয় সিরিজের ঔজ্জ্বল্য নিয়েই তারা শুরু করতে চাইবে। ত্রিদেশীয় এই সিরিজটা নতুন বছরে তাদের দিতে পারে দুর্দান্ত সূচনা। শ্রীলঙ্কার সঙ্গে সদ্যই একটি সিরিজ খেলে আসার পর তারা জানে যে, দুই ‘জ’—জয়াসুরিয়া ও জয়াবর্ধনে না থাকলেও শ্রীলঙ্কা দারুণ একটি দল। খুবই কঠিন প্রতিপক্ষ তারা। লঙ্কান দলের তরুণ খেলোয়াড়েরা দেখিয়েছে অভিজ্ঞতা বাড়লে এরা, বিশেষত বোলাররা সহজেই হার মানতে চাইবে না। লাকমল, ভেলেগেদেরা, রণদিবরা ভারতে বেশ ভালো বোলিং করেছে বিচ্ছিন্নভাবে। সাঙ্গাকারা নিশ্চয়ই আশায় থাকবে ভারতের সঙ্গে আরেকবার লড়াই এই তরুণদের ভবিষ্যতে ভালো বোলার হয়ে ওঠার জন্য হবে তুলির শেষ আঁচড়। মুরালিধরনকে যেহেতু ২০১১ সালের পর আর পাওয়ার আশা তাদের নেই, এমন কয়েকজন বোলার তুলে আনতে হবে যারা ওই স্পিন জাদুকরের মতো যেকোনো পিচেই উইকেট তুলতে পারবে। শ্রীলঙ্কা অভাব বোধ করছে চামিন্ডা ভাসের মতো একজন চতুর পেসারেরও, যে দুদিকেই বল সুইং করাতে পারত। সীমিত ওভারের ক্রিকেটে ধীরগতির বলগুলোও খুব কাজে লাগাত ভাস, নিচের দিকে সে ব্যাটিংটাও করত দারুণ।শ্রীলঙ্কানদের মতো ভারতও এসেছে ওয়ানডেতে তাদের অভিজ্ঞতম খেলোয়াড় শচীন টেন্ডুলকারকে ছাড়াই। তবে যুবরাজকে তারা পাচ্ছে, যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সে ফিট ছিল না পুরোপুরি। এসব সত্ত্বেও দুর্দান্ত ব্যাটিং লাইনআপ ভারতের, বোলিংয়েও সমৃদ্ধ তারা অভিজ্ঞতায়। জহির খান আছে, আছে নেহরা ও হরভজন সিং। হ্যাঁ, যুবরাজ, রায়না ও রোহিত শর্মারা ফিল্ডিংয়ে বিদ্যুচ্চমক দিতে পারে ঠিকই, তারপরও ফিল্ডিংটাই তাদের দুশ্চিন্তার জায়গা।শেরেবাংলা স্টেডিয়ামের পিচে সামান্য ঘাস আছে। আর যেহেতু পড়ে গেছে, তাই নতুন বলের বোলারদের সিমকে কাজে লাগানোর সুযোগটা থাকছেই, হোক তা প্রথমে বোলিং করে অথবা রাতের আলোয়। ভারতের মতো নিষ্প্রাণ পিচ এটি নয়। এখানে বোলারদের জন্যও কিছু থাকবে। আবার শীতের বাতাস এই নিশ্চয়তাও দিচ্ছে যে ভারতের মতো শক্তিক্ষয় হবে না এখানে বোলারদের। তারপরও এটি সীমিত ওভারের টুর্নামেন্ট, মাত্রই কয়েক ওভারই ম্যাচের রং বদলে দিতে পারে। ব্যাটিং-বোলিংয়ে অভিজ্ঞতার বিচারে ভারতই ফেবারিট, কিন্তু সীমিত ওভারের ক্রিকেট কি অতীতে অনেক পণ্ডিতকে বোকা বানিয়ে দেয়নি!