ভারতও অনাগ্রহী
আইসিসির অনুমোদন তো পাওয়া গেল। কিন্তু দিন-রাতের টেস্টের সর্বজনীন স্বীকৃতির পথে বড় একটা বাধাও এসে গেল। ভারতের খুব একটা আগ্রহ নেই দিন-রাতের টেস্ট ম্যাচে। আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো দুই বোর্ড চাইলেই এখন দিন-রাতের টেস্ট খেলতে পারে। কিন্তু বিসিসিআই না চাইলে ক্রিকেট-বিশ্বে কোনো কিছুই সর্বজনীন গ্রহণযোগ্যতা পায় না, এটাই এখনকার বাস্তবতা। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রমাণ তো রেফারেল পদ্ধতিই!ভারতের অনাগ্রহের কারণ নিজেদের বাজে অভিজ্ঞতা। ১৯৯৬-৯৭ রঞ্জি ট্রফির ফাইনালটি ছিল দিন-রাতের, কিন্তু সেই পরীক্ষা খুব একটা ফলপ্রসূ হয়নি। বিসিসিআইয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠিও বললেন সেটাই, ‘এটা নিয়ে প্রথম পরীক্ষা আমরাই করেছিলাম, কিন্তু আমাদের অভিজ্ঞতা ভালো কিছু ছিল না। আপাতত তাই দিন-রাতের ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা নেই।’গোয়ালিয়রে ১৯৯৭ সালের সেই ফাইনালটি হয়েছিল সাদা বলে। ভারী শিশির আর বারবার বল পরিবর্তনের কারণে প্রচণ্ড ভুগতে হয়েছিল বোলারদের। ৫ দিনের ম্যাচে শেষ হয়েছিল মাত্র দুটি ইনিংস। ২০২ ওভার ব্যাটিং করে ৬৩০ রান তুলেছিল মুম্বাই, ২১৯ ওভার খেলে ৫৫৯ রান তুলেছিল দিল্লি। দুই দলেরই চারজন করে বোলার রান দেওয়ার সেঞ্চুরি করেছিলেন! ফিল্ডাররাও অনেকবার হিমশিম খেয়েছিলেন বল খুঁজে পেতে। এএফপি।