ভারতকে আজমলের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমন্ত্রণ খেয়ে গৃহকর্তাকেও পাল্টা আমন্ত্রণ জানাতে হয়। এটাই রেওয়াজ। সফরে এসেই পাকিস্তান নাকি আমন্ত্রণ জানিয়ে গেছে ভারতকে। এটা অবশ্য এখনো গণমাধ্যমের খবর। আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে এরই মধ্যে সাঈদ আজমল ভারতের উদ্দেশে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পাকিস্তান যেমন ভারতের মাটিতে ভারতকে হারিয়ে গেল, এবার ভারত পাকিস্তানে গিয়ে নিজেদের পেশির জোরটা দেখিয়ে আসুক না!ভারত কিন্তু পাকিস্তানে সর্বশেষ খেলা দুটি সিরিজেই জিতে এসেছে। ২০০৪-এর সফরে জিতেছিল ৩-২ ব্যবধানে। ২০০৬-এর সিরিজে ছিল আরও দাপুটে জয়—৪-১। কিন্তু এর আগে পাঁচটি সিরিজ খেলে কখনোই ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি। আজমলের বিশ্বাস, এবারও পারবে না ভারত। এখনো অবশ্য কিছুই ঠিকঠাক হয়নি। তবে পাকিস্তানি এই স্পিনারের আশা, শিগগিরই পাকিস্তান সফরে আসবে ভারত, ‘এই সিরিজটাকে (ভারত সফর) আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের মনে হয়েছে, আমরা ওদের মাটিতে গিয়ে হারিয়ে আসতে পারলে ওদের মধ্যেও নিশ্চয়ই তাড়না জন্মাবে আমাদের দেশে এসে আমাদের হারাতে। আশা করি এটা শিগগিরই হবে।’পাকিস্তান শুধু সিরিজই জেতেনি, ভারতকে ধবলধোলাই করেছিল প্রায়। শেষ ম্যাচটায় ভারতকে ১৬৭ রানে অলআউট করেও জিততে পারেনি পাকিস্তান। অনেকের এই ম্যাচ নিয়ে ভ্রু কুঁচকানি আছে। এর চেয়েও বড় প্রশ্ন, অবশ্য ওই ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নেওয়া সত্ত্বেও আজমলকে ম্যাচ সেরার পুরস্কার না দেওয়ায়। ৩৬ রানের লড়াকু ইনিংসে খেলে ম্যাচসেরা ধোনি। পাকিস্তানি সংবাদমাধ্যমের কাছে অবশ্য আজমলের কৃতিত্বটাই বেশি ছিল। এ নিয়ে তাঁর মনেও খানিকটা আক্ষেপ আছে বলেই মনে হলো, ‘আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। মনে আছে, খুব ভালো করার পরেও আমাকে আইসিসি পুরস্কার দেওয়া হয়নি। আমার জন্য অবশ্য বড় পুরস্কার ছিল ভারতের মাটিতে দলকে ভালো করতে দেখা।’ ওয়েবসাইট।