ভারতের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলা হয়নি। এখন তো দুই দলের এই দ্বৈরথ সোনার হরিণের মতো দুর্লভ। দুই রাষ্ট্রের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেটে। সাঈদ আজমলও তাই গত পাঁচ বছরে ভারতের বিপক্ষে খেলেছেন মাত্র পাঁচটি ওয়ানডে। সেই পাঁচ ম্যাচে ৫ উইকেট—মোটেই ভালো পরিসংখ্যান নয়। তবে কিছুদিন ধরে পাকিস্তানের বোলিংয়ের মূল ভরসা হয়ে ওঠা এই স্পিনার এবার হুংকারই ছাড়ছেন। স্পিনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা সব সময়ই ভালো—এই তথ্য মাথা রেখেও বলছেন, ভারত বধে নতুন অস্ত্র নাকি যোগ করেছেন ভাঁড়ারে, ‘আমার অস্ত্রভান্ডারে এখন বেশ কিছু বৈচিত্র্য যোগ হয়েছে।’দুটো টি-টোয়েন্টি আর তিনটি ওয়ানডে খেলতে গতকালই ভারতে পৌঁছেছে পাকিস্তান। প্রথমে অবশ্য টি-টোয়েন্টি দলটাই এসেছে মোহাম্মদ হাফিজের নেতৃত্বে। ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল হকের সঙ্গে আজহার আলী, ইউনুস খান, হারিস সোহেল, ওয়াহাব রিয়াজ, ইমরান ফারহাত ও আনোয়ার আলী ভারতে এসে পৌঁছাবেন ২৬ ডিসেম্বর। পরশু ২৫ ডিসেম্বর বড়দিনে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ ডিসেম্বর। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন আজমল। ভারতের বিপক্ষে তাঁর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও কোনো উইকেট পাননি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে পাকিস্তান হেরেছিল ৮ উইকেটে। ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। আজমল জানেন, শুধু হুঙ্কার দিয়ে কাজ হবে না। সামনে বড় চ্যালেঞ্জ, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডেতে তাদের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে বল করাটা হবে চ্যালেঞ্জের।’ নিজের কাজটাও ভালো জানা আছে ৩৫ বছর বয়সীর, ‘শচীন টেন্ডুলকারের বিপক্ষে বল করছি নাকি বিরাট কোহলির বিপক্ষে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার লক্ষ্য হলো দলের জন্য উইকেট তুলে নেওয়া।’ টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—বোলারদের তিন র্যা ঙ্কিংয়েই সেরা তিনে থাকা আজমল ভারতের উইকেটের জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন, ‘ব্যাটিং উইকেট হলেও ভালো মানের স্পিনাররা কিন্তু এখানেও তাদের জাত চিনিয়ে দিতে পারে।’ উঠতি স্পিনার আদনান রাসুলেরও অনেক প্রশংসা করলেন, ‘এই ছেলেটার অনেক প্রতিভা। পাকিস্তানের ভবিষ্যৎ সাঈদ আজমল সেই। হেড কোচ ডেভ হোয়াটমোরও তাকে নিয়ে মুগ্ধ। শিগগিরই দলে সুযোগও পাবে বলে আমার ধারণা।’সাংবাদিকেরা অবশ্য আজমলকে খুঁচিয়ে চেষ্টা করেছেন ‘প্রতিশোধ’ শব্দটা মুখে আনার। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচের কথা নাকি ভুলে গেছেন আজমল! অবশ্য ভারতে যথেষ্ট প্রস্তুতি নিয়েই আসছেন বলে জানালেন, ‘প্রত্যেকটা ম্যাচই নতুন...তবে আমাদের দলটা খুব ভালো। আমরা জানি ভারতকে ভারতের মাটিতে হারাতে পারলে সেটা হবে বিশেষ অর্জন। এই সিরিজকে আমরা নতুন একটা সিরিজ ভেবেই মনোসংযোগ করছি।’ এএফপি, ওয়েবসাইট।