ভারতকে আরও ভুগতে হবে!
অবস্থা এমন দাঁড়িয়েছে, মহেন্দ্র সিং ধোনিরা এখন ইংল্যান্ড ছাড়তে পারলেই বাঁচেন। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল এবার রীতিমতো পর্যুদস্ত ইংল্যান্ড সফরে। তবে ইয়ান চ্যাপেলের ধারণা, সফর শেষে ভারত ইংল্যান্ড ছাড়লেও তাদের পিছু ছাড়বে না ইংল্যান্ডের অভিজ্ঞতা। বছরের শেষে অস্ট্রেলিয়া সফরেও ভারতকে ভোগাবে ফাস্ট বোলিং!ইংল্যান্ড সফরের এই দুর্দশার জন্য চ্যাপেল দায় দেখছেন ভারতীয় নির্বাচকদের, ‘সফরটা যে ভারতের এমন ভয়াবহ যাবে, এটা বোঝা যাচ্ছিল অনেক দিন ধরেই। বুড়িয়ে যাওয়া ব্যাটিং লাইনআপ, ফুরিয়ে যেতে বসা দলের মূল স্পিনার, পাঁচ দিনের ম্যাচের জন্য অনুপযোগী ফিল্ডিং—এসব সমস্যার যথাযথ সামলাতে পারেননি নির্বাচকেরা। ধোনির ধূর্ত অধিনায়কত্ব, বীরেন্দর শেবাগের স্ট্রোক প্লে এবং জহির খানের বোলিংয়ের কারণে অনেক সময়ই ভারতের দুর্বলতাগুলো প্রকাশ পায়নি।’অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ মনে করা হচ্ছে এবারই। দেশের মাটিতে যাচ্ছেতাইভাবে অ্যাশেজ হারা অস্ট্রেলিয়ায় চলছে পুনর্গঠনপ্রক্রিয়া। নতুন অধিনায়কের নেতৃত্বে চলতি শ্রীলঙ্কা সিরিজেই প্রথম টেস্ট খেলবে সাবেক এক নম্বর। তবে বড় চ্যাপেলের ধারণা, ভারত এখন আর ওই সুবিধা নেওয়ার মতো অবস্থায় নেই। বরং অস্ট্রেলিয়াই ভারতের দুর্বলতা কাজে লাগাতে পারে, ‘অস্ট্রেলিয়া সফরের সময় সম্ভবত ভারত তিন নম্বরে থাকবে। অ্যাশেজের ওই বড় পরাজয়গুলোর পর অনেকেরই আশা থাকবে অস্ট্রেলিয়াকে সহজেই হারাবে ভারত। কিন্তু এতটা সহজ না-ও হতে পারে। অস্ট্রেলিয়ারও সমস্যার শেষ নেই। তবে একটা ব্যাপারে এগিয়ে, ফাস্ট বোলিং প্রতিভার অভাব নেই। তরুণ ফাস্ট বোলারদের ফিট রাখতে পারলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খারাপ হবে না। সে ক্ষেত্রে ভারতীয় নির্বাচকদের জন্য অপেক্ষা করছে দুঃসময়।’চ্যাপেলের স্বদেশি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের টুইট, ‘ভারতের জন্য সমব্যথী কিন্তু এটাই বলতে হবে, ওরা কেবল নিজেদেরই দোষ দিতে পারে। জয়ের তাড়না কিংবা লড়ার মানসিকতাই ওদের ছিল না। এক নম্বরটা ইংল্যান্ডেরই প্রাপ্য—ওদের জয়ের ক্ষুধা আছে, খেলে আবেগ ও একাগ্রতা দিয়ে, ওদের খেলতে দেখে দারুণ লাগে।’ ওয়েবসাইট।