ভারতকে ইংল্যান্ডের ২৫৮ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে ইংলিশদের পারফরম্যান্স ঠিক জুতসই হচ্ছে না। প্রথম ওয়ানডে জেতার পর টানা দুটো ম্যাচ ভারতের কাছে অসহায় আত্মসমর্পণটা এবারের সফরের সামগ্রিক পারফরম্যান্সের সঙ্গে ঠিক মানাচ্ছে না। মোহালির চতুর্থ ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে যেন অ্যালিস্টার কুক, কেভিন পিটারসেন ও জো রুটের ব্যাটে কিছুটা আলোর দেখা দিয়েছে ইংলিশদের সামনে। টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৫৭ রান। অ্যালিস্টার কুকের অধিনায়কোচিত ব্যাটিংয়ে ইংল্যান্ডের শুরুটা একেবারে খারাপ ছিল না। দলীয় ৩৭ রানে ইয়ান বেলকে হারালেও অধিনায়ক কুক ও কেভিন পিটারসেন মিলে ইংল্যান্ডের ব্যাটিংটা সঠিক পথেই রেখেছিলেন। তাঁদের মধ্যে গড়ে ওঠা ৯৫ রানের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে এলবিডাব্লিউ হন ১০৬ বলে ১৩টি চারের সাহায্যে ৭৬ রান করা কুক। কুকের বিদায়ের পর ব্যাটিংয়ের হালটা ছিল কেভিন পিটারসেনের হাতেই। তিনি প্রথমে এউইন মরগান ও সামিত প্যাটেল এবং পরে জো রুটকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের রানের ধারাটা স্থিতিশীল রাখেন। জো রুটের সঙ্গে পিটারসেন গড়ে তোলেন ৭৮ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। পিটারসেন ৭৬ রান করে ঈশান্ত শর্মার বলে বোল্ড হন। পিটারসেনের পর ইংল্যান্ড সওয়ার হয় জো রুটের কাঁধে। মাঝখানে মরগান ও সামিত প্যাটেল অল্প রানে ফিরে গেলে ইংলিশ অভিযাত্রা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়। পরে অবশ্য জো রুট ইংলিশ ব্যাটিংয়ের বিপদ কাটিয়ে দলকে নিয়ে যান মোটামুটি লড়াকু স্কোরের দিকে। জো রুট অপরাজিত থাকেন ৫৭ রানে। তিনি বাটলারের সঙ্গে ২১ ও ট্রেডওয়েলের সঙ্গে ১৬ রানের দুটি ছোট্ট অথচ কার্যকরী জুটি গড়ে দলের সংগ্রহ আড়াই শ পার করতে ভূমিকা রাখেন। ইনিংসের শেষ দিকে বাটলারের ৯ বলে ১৪ রানের ইনিংসটিও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়। রবীন্দ্র জাদেজা আজ ইংলিশ ব্যাটসম্যানদের জন্য ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। জাদেজার পাশাপাশি অশ্বিন ও ঈশান্ত শর্মা—দুজনই ২টি করে উইকেট দখল করেন।