ভারতকে উইজডেনের ধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক আগে ৩৭ পূর্ণ করেছেন। এবারই পাঁচ বর্ষসেরা ক্রিকেটারের একজন তাঁর চেয়ে বেশি বয়সী, একজন সমবয়সী। ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’-এর গত ৭৭ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ সম্পাদক লরেন্স বুথ। কিন্তু ক্রিকেটের বাইবেল সম্পাদনার মতো দায়িত্ব ও ঝাঁজ যে আছে, নিজের সম্পাদনায় প্রথম সংস্করণেই সেটা বুঝিয়ে দিলেন বুথ। নিজেদের স্বার্থ নিয়ে অতিরিক্ত ভাবনা ও টেস্টের আগে টি-টোয়েন্টিকে প্রাধান্য দেওয়ায় একহাত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ছেড়ে কথা বলেননি অন্য বোর্ডগুলোকেও।বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক ‘পরাশক্তি’ ভারত। সম্পাদকীয়তে উইজডেন সম্পাদক এ জন্যই বিসিসিআইকে বলেছেন আরও দায়িত্বশীল হতে, ‘প্রকৃতির বিশেষ একটা উপহার ভারত পেয়েছে—পুরো খেলাটার ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা। ভারত কোনো কোনো দেশ সফরে না গেলে ওই দেশের বোর্ডকে হয়তো টিকে থাকারই লড়াই করতে হবে। কিন্তু প্রায়ই তাদের খেলা প্রভাবিত হয় কিছু লোকের ব্যক্তিগত স্বার্থে—বোর্ডের কর্তারা চোটের ঠিকঠাক ব্যবস্থাপনা করতে পারে না, গত বছর ইংল্যান্ডে ভারত বিধ্বস্ত হয়েছে আইপিএলের প্রভাবে। গত জানুয়ারিতে সিডনিতে ভারতের ইনিংস হারকে আড়াল করে দিয়েছে তারা আইপিএল ৫-এর সূচি প্রকাশ করে, হোয়াইটওয়াশগুলোকে হোয়াইটওয়াশ করে দিয়েছে বারবার বিশ্বকাপ শিরোপা জয়ের উদাহরণ টেনে। নিজেদের স্বার্থ সব বোর্ডই কমবেশি ভাবে। কিন্তু বিসিসিআইয়ের মতো ক্ষমতার চর্চা কেউ করে না।’মুখে কথার ফুলঝুরি ছোটালেও কাজে টেস্ট ক্রিকেটকে প্রাধান্য না দেওয়ায় কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকেও, ‘ইংল্যান্ডের বাইরে সব দেশেই টেস্ট ক্রিকেটকে সম্মান করা হয় তাত্ত্বিকভাবে, কিন্তু অবহেলা করা হয় কাজের বেলায়। এমনকি ইংল্যান্ডেও আসছে গ্রীষ্মে একটি টেস্ট ম্যাচ কমানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের সিরিজ খেলার জন্য। মাত্র তিনটি দল—ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত আর কখনো কখনো দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের বেশি টেস্টের সিরিজ খেলে। তবে সত্যিকার ক্ষতিটা হয়ে যাচ্ছে দুই টেস্টের সিরিজগুলোয়। বাংলাদেশ ও জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দেশের সিরিজ তিন টেস্টের কম হওয়া উচিত নয়।’ডিআরএস পদ্ধতিকে গ্রহণ না করায়ও বিসিসিআইয়ের সমালোচনা করেছেন বুথ। আর পরামর্শ দিয়েছেন ওয়ানডের মতো টেস্টেও রিভিউ আবেদন দুটি থেকে একটিতে কমিয়ে আনার, যাতে অধিনায়কেরা জুয়া না খেলে রিভিউ নেন অনেক ভেবেচিন্তে।’ ওয়েবসাইট।