ভারতকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার এইটের চতুর্থ ম্যাচে আজ ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শেন ওয়াটসন আজ ভারতের জন্য আবির্ভূত হয়েছিলেন মূর্তিমান বিভীষিকা হিসেবে। প্রথমে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও খেলেছেন ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস। জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই অসি ওপেনার শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের চমত্কার ব্যাটিংয়ে পাঁচ ওভার হাতে রেখেই ৯ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি পেয়েছেন যুবরাজ সিং।১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩৩ রান যোগ করে জয়টা হাতের নাগালে নিয়ে আসেন শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। ১৪তম ওভারে এই জুটি ভাঙতে সক্ষম হন যুবরাজ সিং। ৪২ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ওয়াটসন। কিন্তু ততক্ষণে জয় নিশ্চিতই হয়ে গেছে অসিদের। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পুরো ইনিংসে কখনো বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও ইরফান পাঠানের করা ৩৫ রানের জুটিই ভারতের পক্ষে সর্বোচ্চ। ওপেনার ইরফান পাঠান (৩১), গৌতম গম্ভীর (১৭) ও বিরাট কোহলির (১৫) ছোট ছোট ইনিংসের ওপর ভর করে প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছিল ভারত। কিন্তু পরবর্তী দুই ওভারে যুবরাজ সিং, ইরফান পাঠান ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ধোনি বাহিনী। স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় পাঁচ উইকেটে ৭৪ রান। ষষ্ঠ উইকেটে ৩০ রান যোগ করেন অধিনায়ক ধোনি ও সুরেশ রায়না। ১৬তম ওভারের শেষ বলে কামিন্সের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ধোনি। সপ্তম উইকেটে আবার ৩৩ রানের জুটি গড়ে ভারতের সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান রায়না ও রবিচন্দ্রন অশ্বিন।