
প্রতীক্ষার অবসান। দাপুটে এক জয়েই টেস্ট জয়ের খরা কাটাল ইংল্যান্ড।
গত আগস্টে সর্বশেষ টেস্ট জয়ের পর জিততেই ভুলে গিয়েছিল ইংলিশরা। সাউদাম্পটন টেস্টের আগে টানা ১০ টেস্টে জয়হীন। সমালোচনার বাণ ছুটে এসেছে অ্যালিস্টার কুক ও তাঁর দলের দিকে। রানহীন ‘ক্যাপ্টেন’ কুকের পদত্যাগের দাবিও তুলেছিলেন অনেকে। তৃতীয় টেস্টে ভারতকে ২৬৬ রানে হারিয়ে আপাতত একটা জবাব দিতে পেরেছেন কুকরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজেও এখন ১-১ সমতা।
ম্যাচের প্রথম দিন থেকেই নিরঙ্কুশ প্রাধান্য দেখানো ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। ৪৪৫ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করা ভারত ওই দিনই হারিয়ে ফেলে ৪ উইকেট। কাল লাঞ্চের আগেই সফরকারীদের শেষ ৬ উইকেট তুলে নিয়ে আনুষ্ঠানিকতটাই
সেরেছে ইংল্যান্ড।ভারত অলআউট ১৭৮ রানে।
ইংল্যান্ডের অনিয়মিত অফস্পিনার মঈন আলীর ঘূর্ণি বল ঠিকঠাক পড়তে না পেরে দ্বিতীয় ইনিংসে সর্বনাশ হয়েছে ভারতের। ৬৭ রানে ৬ উইকেট, মঈন করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা রিস্টব্যান্ড পরে আলোড়ন তোলা মঈন প্রথম তিন ম্যাচে পেয়েছেন ১৫ উইকেট। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়া এই অলরাউন্ডারের চেয়ে সিরিজে একমাত্র জেমস অ্যান্ডারসনই (১৬ উইকেট) বেশি উইকেট পেয়েছেন।
দিনের শুরুতে নিজের প্রথম তিন ওভারের মধ্যেই রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিকে ফিরিয়ে দেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতকে ৩৩০ রানে অলআউট করতে বড় ভূমিকা রাখা অ্যান্ডারসনই ম্যাচসেরা। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে জাদেজার সঙ্গে বিবাদে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কা নিয়েই তাঁর এ পারফরম্যান্স। অ্যান্ডারসনের ভাগ্য নির্ধারিত হবে আজ। তবে মাঠের বাইরের এসব নিয়ে মাথা না ঘামানোর কথাই বললেন অভিজ্ঞ এই পেসার, ‘আমি যখন খেলতে নামি একটা জিনিসই শুধু মাথায় থাকে—উইকেট নিতে হবে। আমি সেটাই করেছি।’
অধিনায়ক কুকের জন্যও বড় পরীক্ষা ছিল এই টেস্ট। প্রথম ইনিংসে ৯৫ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭০, প্রথম বিভাগেই পাস করেছেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের বেশির ভাগ ব্যাটসম্যানও উত্তীর্ণ। প্রথম দিনে গ্যারি ব্যালান্সের সেঞ্চুরির পর দ্বিতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন ইয়ান বেল (১৬৭) ৮৩ বলে ৮৫ রান করেছেন টেস্ট অভিষেক হওয়া উইকেটকিপার জস বাটলার। ৭ উইকেট ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণার পর ভারতকে ৩৩০ রানে রেখে কুকের আবার ইনিংস ঘোষণা, এবার ৪ উইকেটে ২০৫ রানে। ম্যাচ শেষে তাই কুক বলতে পারলেন, ‘আমরা প্রায় নিখুঁত একটা ম্যাচ খেলেছি।’
সিরিজের চতুর্থ টেস্ট ওল্ড ট্রাফোর্ডে ৭ আগস্ট শুরু। এএফপি, ক্রিকইনফো, স্টার স্পোর্টস ১।