ভারতকে এগিয়ে নিচ্ছেন শচীন-কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির দৃঢ়তায় এগিয়ে চলেছে ভারত। আজ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। এর আগে প্রথম ইনিংসে ৩৮০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৯৮ রানে পিছিয়ে ভারত। তবে এখনো হাতে রয়েছে সাতটি উইকেট। শচীন ব্যক্তিগত ৭১ ও কোহলি ৫০ রানে অপরাজিত আছেন।ভারতের ইনিংসের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। দলীয় মাত্র ১২ রানের মধ্যে সাজঘরে ফেরেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান। মুরালি বিজয় আউট হন ব্যক্তিগত ১০ রানে। বীরেন্দর শেবাগ করেন ২ রান। তবে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান চেতেশ্বর পূজারা ও শচীন টেন্ডুলকার।পূজারা আউট হন ৪৪ রান করে। তখন দলীয় সংগ্রহ ১০৫ রান। দিনের বাকি সময়ে আর উইকেট খোয়াতে হয়নি স্বাগতিকদের। দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে টেন্ডুলকার-কোহলির অবিচ্ছিন্ন জুটি। আজ ভারতের পতন ঘটা তিনটি উইকেটই নেন জেমস প্যাটিনসন।৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে ৫৪ রানের ধৈর্যশীল জুটি গড়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও পিটার সিডল। দিনের ১৫তম ওভারে ক্লার্কের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার কাজটি ত্বরান্বিত করেন রবীন্দ্র জাদেজা। ক্লার্ক আউট হন ব্যক্তিগত ১৩০ রানে। এক ওভার পর সিডলকে সাজঘরমুখী করেন শততম টেস্ট খেলতে নামা হরভজন সিং। শেষ ব্যাটসম্যান নাথান লায়নকে আউট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৮০ রানের বেশি যেতে দেননি অশ্বিন। ৪২ ওভার বল করে ১০৩ রান দিয়ে সাত উইকেট নেন এই অফস্পিনার।