ভারতকে কারস্টেনের অভয়বাণী
এই সিরিজটাকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ১৫০তম বার্ষিকী উদ্যাপনের উপলক্ষ হিসেবে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে এসে সেই উদ্যাপনে যুক্ত হচ্ছে ভিন্নমাত্রা। দক্ষিণ আফ্রিকা দলে ভারতীয় ব্যাটিংয়ের সুবাস এনে দিয়েছেন যে হাশিম আমলা, আগামীকাল তিনি খেলতে নামবেন তাঁর ৫০তম টেস্ট। উপলক্ষটাকে স্মরণীয় করতে আরও অনেক অনুপ্রেরণার নুড়িপাথর পড়ে আছে সামনে। ভারতীয় বংশোদ্ভূত আমলা খেলবেন নিজের ভেন্যুতে। ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ এই বছরটায় এটাই তাঁর শেষ ম্যাচও। ডারবান টেস্ট কি শেষ পর্যন্ত হয়ে উঠবে আমলার টেস্ট?তবে ভারতীয়রা চাইবে, আমলার ব্যাটের হাসিটা থামিয়ে যেন গত ম্যাচের দ্বিতীয় ইনিংসের মতো হেসে ওঠে টেন্ডুলকার-ধোনিদের ব্যাট। ইনিংস পরাজয় দিয়ে সিরিজ শুরুর ধাক্কা সামলে উঠতে ভারতের দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন আপাতত যে দাওয়াইটা দিচ্ছেন, সেটি ৪০০ রানের ইনিংসের লক্ষ্য। ‘প্রথম ইনিংসে ৪০০ পেরোতে না পারা মানেই চাপের মধ্যে পড়ে যাওয়া।’জহির খান ফিরছেন—ডারবানে নামার আগে ভারত শুনেছে এই সুখবর। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি জহির খান। পরশু অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। কিন্তু কারস্টেন জানিয়েছেন, ‘ও পুরো ফিট। ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’ কিন্তু জহিরের ফেরা কি বোলিংয়ের দুশ্চিন্তা একেবারেই কমাতে পারছে? গত টেস্টে তো ১৩০ ওভার বোলিং করে মাত্র চার উইকেট তুলতে পেরেছে ভারতীয় বোলাররা। কারস্টেন এখানেও আশাবাদী, ‘টেস্ট জিততে চাইলে আপনাকে ২০টি উইকেট নিতেই হবে। যেকোনো কন্ডিশনে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা যে আমাদের আছে, অতীতে আমরা সেটি দেখিয়েছি।’ভারতের জন্য আরেকটি সুখবর হলো, ডারবানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্কটা সেঞ্চুরিয়নের মতো উষ্ণ নয়। গত টেস্টের ভেন্যুটায় ১৬ টেস্টের ১২টিই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে কিন্তু গত পাঁচ টেস্টের তিনটিতেই হেরেছে স্বাগতিকেরা।দক্ষিণ আফ্রিকা অবশ্য ফাস্ট-বাউন্সি উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের কাঁপাকাঁপি দেখে ডারবানে মৃত্যুফাঁদই নাকি বসাচ্ছে। উইকেট কেমন দেখলেন—প্রশ্নের জবাবে স্মিত হেসে কারস্টেন বলেছেন, আউটফিল্ডের ঘাস আর উইকেটের ঘাস নাকি তাঁর কাছে একই রকম লেগেছে! অবশ্য এও জানিয়েছেন, ‘আমরা ভালোমতোই প্রস্তুতি নিয়ে রাখছি। খেলোয়াড়েরা তাদের সবটুকু ঢেলে দিতে প্রস্তুত।’কিংসমিডে কারস্টেন নিজে ছিলেন দুর্দান্ত। এখানে তাঁর ব্যাটিং-গড় ছিল ৬৫.৫০। এ মাঠে ভালো খেলার দাওয়াই খুঁজতে শেবাগদের তাই অন্য কারও কাছে যেতে হচ্ছে না। তবে আসল কথাটা কারস্টেনই বলে দিয়েছেন। খেলাটা খেলতে হবে মাঠে নেমে। ওয়েবসাইট।