ভারতকে কোণঠাসা করল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোল্ড ভারতের মূল ভরসা কোহলি। ছবি: এএফপি
বোল্ড ভারতের মূল ভরসা কোহলি। ছবি: এএফপি

অবশেষে ‘জয়ে’র দেখা পেলেন মাশরাফি বিন মুর্তজা! অবাক হওয়ার আগে ব্যাখ্যাটা শুনুন। টানা সাত ম্যাচের পর এই প্রথম টসে জিতলেন বাংলাদেশ অধিনায়ক, টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই। গত ম্যাচগুলোয় শুরুতেই ভাগ্যের খেলায় হেরে যাওয়া মাশরাফি অবশ্য জিতলেন। টসে জিতে নিলেন ফিল্ডিং। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বললেন, টসে জিতলে তিনি ফিল্ডিংই নিতেন।

অধিনায়ক ভুল সিদ্ধান্ত নেননি, তা প্রমাণ করতে বোলাররা সর্বোচ্চ চেষ্টাই করেছেন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত করতে পেরেছে ৭ উইকেটে ১৪৬ রান। বেঙ্গালুরুর মাঠে এই রান খুব কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। তা ছাড়া একাদশে তামিমও ফিরেছেন। পারবে বাংলাদেশ?
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি কেন মাত্র ১ ওভার বোলিং করলেন, তা নিয়ে কী আলোচনা। আজ শুরুতেই আক্রমণে এলেন অধিনায়ক। ১২ ওভারেই শেষ করলেন নিজের বোলিং কোটা। কিপ্টে বোলিংয়ে দলকে নেতৃত্বও দিলেন, ৪ ওভারে দিলেন ২২ রান। রান সামাল দেওয়ায় মাশরাফি, উইকেট নেওয়ায় ​সামনে কিন্তু মুস্তাফিজ ও আল আমিন। দুজন নিয়েছেন দুটি করে উইকেট।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ভারতের শুরুটা হলো দারুণ। রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ওপেনিং জুটিতে হলো ৩৬ বলে ৪২ রান। ব্রেক থ্রুটা এনে দিলেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ দেখায় এ নিয়ে রোহিতকে চারবার আউট করলেন মুস্তাফিজ! ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বেশ চাপে ভারত। বিরাট কোহলি-সুরেশ রায়নার তৃতীয় উইকেট জুটিতে ৪০ বলে ৫০ রান অবশ্য ভারতের খানিকটা পথ দেখায়। কোহলিকে বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান শুভাগত হোম। এর পর ২২ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে ভারত। ১৫ ওভারে দারুণ এক হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন আল আমিন।
স্লগ ওভারে ভারতীয় ব্যাটসম্যানদের চড়াও হতে দেয়নি বাংলাদেশ। ১৬ থেকে ১৮—তিন ওভারে মাত্র ১১ রান দিয়েছে বাংলাদেশের বোলাররা। শেষ ৫ ওভারে ভারত করতে পেরেছে ৩৪ রান, হারিয়েছে ৪ উইকেট।
বেঙ্গালুরুর ব্যাটিং-স্বর্গ উইকেটে ভারতকে এত কম রানে আটকে রাখার পেছনে ফিল্ডারদের কৃতিত্বও কম নয়। সৌম্য সরকার আজও দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন। বোলিং-ফিল্ডিং দারুণ হয়েছে। এবার ব্যাটসম্যানদের পালা। পারবে বাংলাদেশ?