নেপিয়ারের প্রথম ওয়ানডেতে মার্টিন ক্রোর ব্যবস্থাপত্র দারুণ কাজে এল। দ্রুতগতির বাউন্সি উইকেটে বাউন্সার আর শর্ট বলেই সর্বনাশ ভারতের। আজ হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতেও একই পথ ধরে ভারতকে ধসিয়ে দিতে চাইছে নিউজিল্যান্ড।
হ্যামিল্টনের সেডন পার্কেও যে ভারতীয়দের অভ্যর্থনা জানাতে গতিশীল আর্দ্র সবুজ উইকেটই অপেক্ষা করছে, সেটি অনুমেয়ই। যদিও প্রথম ম্যাচে চার পেসার সফল হলেও কিউইরা একই লাইনআপ নিয়ে নামতে পারছে না। মাংসপেশিতে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন অ্যাডাম মিলনে। ডাক পেয়েছেন ২০১১ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলা হামিশ বেনেট।
তা যা-ই হোক, ধোনিরা ভালো করেই জানেন, বাউন্সার-শর্ট বলে উন্নতি না করতে পারলে আজও তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। বিপদ যাতে না হয়, নেপিয়ারে ১১১ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা বিরাট কোহলি তাই সতীর্থদের বাতলে দিয়েছেন শর্ট বল খেলার উপায়। তাঁর কথা, শর্ট বল হয় ছাড়তে হবে, নয়তো মারতে হবে। তবে ছাড়া নয়, মারাই কোহলির দর্শন, ‘আমি মনে করি, বাউন্সার ছাড়ার চেয়ে মারতে চাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি বল ছাড়তে যান, আপনার ওজন পেছনের পায়ে চলে যাবে। তখন আর ছাড়তে বা মারতে পারবেন না।’
তবে ছাড়বে নাকি মারবে আগেই ঠিক করা চাই। আর হুক নয়, শর্ট বলে পুল খেলাটাই বেশি নিরাপদ বলছেন কোহলি। অধিনায়ক ধোনি তো হিসাব কষেই বুঝিয়ে দিয়েছেন, সব শর্ট বলই ছাড়া যাবে না। যদিও প্রথম ম্যাচে ধাওয়ান-রোহিতের মতো ধোনিও আউট হয়েছেন শর্ট বলে হুক করতে গিয়ে। তার পরও বলছেন, ‘আপনি সব শর্ট বলই ছাড়তে পারবেন না। প্রতি ওভারে বোলার দুটো বাউন্সার দিতে পারে। দুটোই আপনি ছাড়তে পারবেন না। তাহলে ৫০ ওভারের ম্যাচে চারজন পেস বোলারের ৮০টি বল ছাড়তে হবে।’ ওয়েবসাইট।