ভারতকে চেপে ধরেছে জিম্বাবুয়ে

বলটা ওয়াইডই হতো। লেগ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সুরেশ রায়না আলতো খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারলেন না। লোভে পাপ আর পাপে মৃত্যু। ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচটা লুফে নিলেন ব্রেন্ডন টেলর। মাত্র ৪ রান করেই শুধু সাজঘরে ফিরছেন না, রায়না ভারতকে ফেলে এলেন দারুণ বিপদের মুখে। এই প্রতিবেদন লেখার সময় ভারতকে যে রীতিমতো চেপে ধরেছে পুঁচকে জিম্বাবুয়ে। ১৭ ওভার শেষে ৬৫ রানে ভারত হারিয়ে ফেলেছে ৪ উইকেট। দ্বিতীয় ওভারেই দলীয় ২ রানের মাথায় রোহিত শর্মাকে হারিয়ে ভারতের ধাক্কা খাওয়ার শুরু। ব্রায়ান ভিটোরি এর পর ফিরিয়েছেন গত ম্যাচে অভিষেকেই অপরাজিত ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলা আম্বাতি রাইডুকে। তবে এরই মাঝখানে কাইল জারভিস কাজের কাজ করেছেন ফর্মের তুঙ্গে থাকা ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বিরাট কোহলিকে ১৪ রানে ফিরিয়ে দিয়ে। এর পরই রায়নার পতন জিম্বাবুয়েকে হয়তো একটি অঘটনের আশাই দেখাচ্ছে হারারেতে।
ভারত-জিম্বাবুয়ে ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে