ভারতকে নাগালেই রাখল শ্রীলঙ্কা

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি অধিনায়ক লাসিত মালিঙ্গা বলেছিলেন, ‘যারা কম ভুল করবে, তারাই জিতবে’। কিন্তু ম্যাচের গোড়ার দিকে তিনিই ভুল করে বসলেন। ‘বিরাট’ ভুল! হ্যাঁ, বিরাট কোহলিকে মাত্র ১১ রানে ফিরিয়ে দেওয়ার মওকা হাতছাড়া করলেন স্বয়ং মালিঙ্গা! হেরাথের করা সপ্তম ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন কোহলি। সেটি লুফে নিতে পারেননি লঙ্কান অধিনায়ক। শেষমেশ ওই কোহলির ব্যাটে এল আরেকটি ফিফটি। এই বিশ্বকাপে গত পাঁচ ম্যাচে তাঁর চতুর্থ ফিফটি!
ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে কোহলির ৫৮ বলে ৭৭ রানের ইনিংসটির পরও ২০ ওভারে ৪ উইকেটে ১৩০ রানে থমকে গেল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই প্রথমে ব্যাট করে তোলার সর্বনিম্ন স্কোর। তবে কি দানে দানে তিন দানই হতে যাচ্ছে শ্রীলঙ্কার জন্য? এর আগে দুবার ফাইনালে উঠেও যে শিরোপা ঘরে নিয়ে যেতে পারেনি তারা।
টি-টোয়েন্টি যতই চার-ছক্কার খেলা হোক না কেন, এ সংস্করণের বিশ্বকাপ ফাইনালগুলোয় খুব একটা রানের বন্যা বয়ে যায় না। হয়তো মাত্রাতিরিক্ত চাপেই এমনটা হয়। আজকের ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে সর্বোচ্চ রান উঠেছে ১৫৭। ২০০৭ বিশ্বকাপে ওয়ান্ডার্সে পাকিস্তানের বিপক্ষে এই ভারতই তুলেছিল এই রান। এবং সে ম্যাচ জিতেছিল ৫ রানে। গতবার যেমন ১৩৭ রান করেও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, এই শ্রীলঙ্কার বিপক্ষেই। ভারতের এই পুঁজি টি-টোয়েন্টি হিসেবে যত্সামান্যই। তবে ম্যাচটা ফাইনাল বলেই যেকোনো মুহূর্তে হিসাবনিকাশ পাল্টে যেতে পারে।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতেই বিপদে ফেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৪ রানের মাথায় বোল্ড করে অজিঙ্কা রাহানেকে। এরপর দলকে কক্ষপথে কোহলিই। প্রথমে রোহিত শর্মার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন। এরপর যুবরাজ সিংয়ের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। ২১ বলে ১১ রান করে যুবরাজই আজ বড্ড ক্ষতি করেছেন ভারতের। মালিঙ্গা শুরুতে করা ‘ভুলে’র প্রায়শ্চিত্ত দিয়ে নিজের শেষ দুই ওভারে মাত্র ১১ রান দিয়েছেন। মালিঙ্গার এই মাপা বোলিংয়ের কারণেই ইনিংসের শেষ চার ওভারে মাত্র ১৯ রান তুলেছে ভারত। ১৬ ওভার শেষে তাদের স্কোর যেখানে ছিল ২ উইকেটে ১১১, মনে হচ্ছিল অনায়াসে ১৫০ পেরোবে ভারত। সেখানেই এত অল্পতে থেমে যেতে হলো তাদের।