অভাবনীয় কাণ্ড ঘটে গেছে অ্যাডিলেডে! ভারতকে ফলোঅন করতে হয়নি!তা এমন অসম্ভব সম্ভব করলেন কোন ভারতীয় ব্যাটসম্যান? না, ভারতের কোনো কৃতিত্ব নেই এতে। ভারতকে ফলোঅন করতে হয়নি অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের সিদ্ধান্তে।প্রথম ইনিংসে ৩৩২ রানে এগিয়ে থেকেও ফলোঅন না করানোর সিদ্ধান্তের কারণটা অনুমেয়। হাতে অনেক সময়, বোলারদের একটু বিশ্রাম দিয়ে বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন ক্লার্ক। দিন শেষে এর চেয়েও বড় কারণটা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বোলিং হিরো পিটার সিডল—অ্যাডিলেড ওভালে শেষে ব্যাটিং করার ঝামেলায় না যাওয়া। তৃতীয় দিনেও উইকেট ব্যাটিং-স্বর্গ, তবে বাউন্সে একটু হেরফের তো হচ্ছেই। শেষ দুই দিনে আরও হবে।তবে ভারতীয় ব্যাটিংয়ের যে হাল, তাতে কে জানে, ফলোঅন করালেও হয়তো অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিং করতে হতো না। সিরিজে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়ার পরও যেখানে ভারতের প্রথম ইনিংস ২৭২ রানেই শেষ।সেঞ্চুরিটা করেছেন বিরাট কোহলি। ব্যাটিং লাইনআপে বিখ্যাত সব তারকার কেউ সেঞ্চুরি পেলেন না, সেঞ্চুরি-খরা ঘুচল তরুণ কোহলির ব্যাটে—ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ঘোষণাও যেন এটি। মাত্র দ্বিতীয় টেস্টে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার ৯৪ বলে ৩৫ রানের লড়াকু ইনিংসটিও কি তা-ই নয়?সিরিজে প্রথমবারের মতো এক সেশনে উইকেট না হারানোর তৃপ্তিও ভারতকে প্রায় উপহার দিয়ে ফেলেছিলেন এই দুজন। লাঞ্চের আগেই ১১১ রানে ৫ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, ষষ্ঠ উইকেটে ১১৪ রান যোগ করার পর বিচ্ছিন্ন হয়েছেন চা-বিরতির মাত্র দুই বল বাকি থাকতে।কিন্তু প্রথম সেশনেই যে ভারতের দুঃস্বপ্নের সফরটির আরও দুঃস্বপ্নময় হয়ে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। তিন-তিনটি উইকেট পড়েছে মাত্র ৩৩ রানের মধ্যে। প্রথমে গেলেন শচীন টেন্ডুলকার। শততম সেঞ্চুরি না পাওয়া নিয়ে আক্ষেপের কোনো কারণ ঘটেনি এবার। এই কীর্তির পথে এক-চতুর্থাংশ পেরোনোর পরই সিডলের বলে স্লিপে পন্টিংয়ের হাতে ক্যাচ। সিডল তাঁর পরের ওভারেই মুখের ওপর উঠে আসা এক বাউন্সারে শেষ করে দিলেন গম্ভীরের ইনিংস। গালি থেকে দৌড়ে সামনে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন হাসি। লক্ষ্মণের শেষের বাঁশি আরও জোরে বাজানোর কাজটা করেছেন লায়ন। বাইরের বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড একদা অস্ট্রেলিয়ার আতঙ্ক।কোহলির সেঞ্চুরি ও ঋদ্ধিমানের সঙ্গে তাঁর জুটিটি ছাড়া ভারতীয় ইনিংসে বলার মতো ঘটনা আর একটিই—চা-বিরতির পর অশ্বিন ও জহিরকে পর পর দুই বলে আউট করে সিডলের হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো। ইশান্ত শর্মা হ্যাটট্রিক হতে দেননি, কোহলিকে সেঞ্চুরির পথে সঙ্গও দিয়েছেন। অষ্টম টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়ার পথে ৯৯ রানে উদ্বেগময় কয়েকটি মুহূর্ত কেটেছে কোহলির। রান আউট হতে হতেও বেঁচে গেছেন একবার। অস্ট্রেলিয়ার ফিল্ডারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে এ সময়।শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন কোহলি। শেষ দুটি উইকেট নিয়েছেন হিলফেনহস। তবে মরা উইকেটেও ৪৯ রানে ৫ উইকেট নিয়ে নায়ক পিটার সিডল, এই টেস্টের আগেই যাঁকে খোঁচা মেরে কথা বলেছিলেন গম্ভীর। জবাবটাও ভালোই পেয়েছেন।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৪০ রানেই ৩ উইকেট তুলে নিয়েছে ভারত। কিন্তু উইকেট নেওয়া না-নেওয়ায় কী-ই বা আসে-যায়! উইকেটে আছেন এই সিরিজে ভারতের দুঃস্বপ্ন পন্টিং ও ক্লার্ক। আজ লাঞ্চের সময়ই হয়তো অসম্ভব এক লক্ষ্য দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে দেবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এরপর...এরপর বোধ হয় বাকি থাকবে শুধু ৪-০-এর জন্য অপেক্ষাই! তথ্যসূত্র: এএফপি ও ওয়েবসাইট।৩৩২প্রথমে ব্যাট করে ভারতের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ লিড