৮ মার্চ থেকে ১০ এপ্রিল—এই এক মাসে মাত্র ২৪টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে বিশ্বজুড়ে। আর তাতেই ফিফা র্যাঙ্কিংয়ের এসেছে অনেক পরিবর্তন। স্পেন যথারীতি শীর্ষে, তবে অদলবদল হয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। হল্যান্ডকে হটিয়ে এখন দ্বিতীয় জার্মানি। তিনে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে, যা র্যাঙ্কিংয়ের ইতিহাসে দেশটির সর্বোচ্চ স্থান। হল্যান্ড নেমে গেছে চারে। অবনতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনারও। ব্রাজিলকে ছয়ে ঠেলে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। গত মাসে আট নম্বর দল আর্জেন্টিনা এখন দশে। শীর্ষ ১০ থেকে ছিটকে গেছে ইতালিও। তিন ধাপ পিছিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ১২ নম্বরে। এই মাসে সবচেয়ে বেশি এগিয়েছে এশিয়ার দেশ উত্তর কোরিয়া। এএফসি চ্যালেঞ্জ কাপে অপরাজিত থাকার পুরস্কার হিসেবে ২৫ ধাপ এগিয়ে এখন ৮৬ নম্বরে দেশটি। ২৪ ধাপ এগিয়েছে তুর্কমেনিস্তান (১৪২)।কোনো ম্যাচ না খেলেও অন্যদের উত্থান-পতনে ১২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশ ১৫২ নম্বর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু নেপালই (১৪৯) এগিয়ে বাংলাদেশের চেয়ে। এরপর মালদ্বীপ ও ভারত আছে যথাক্রমে ১৬৪ ও ১৬৫তম স্থানে। এএফপি।