ভারতকে বিশ্বাস করেন না মিয়াঁদাদ!

বিশ্ব ক্রিকেটে ‘তিন মোড়ল নীতি’ নিয়ে যাঁরা অসন্তুষ্ট, তাঁরা খুশি হতে পারেন বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিবর্তিত অবস্থানে। বিসিসিআইয়ের নতুন সভাপতি খোদ শশাঙ্ক মনোহরই এই নীতিকে বলছেন, ‘জবরদস্তিমূলক খবরদারি’! তবে নিজেদের মনোভাবে যতই পরিবর্তন আনুক না কেন বিসিসিআই, জাভেদ মিয়াঁদাদ ভারতকে বিশ্বাস করেন না, ‘কোনোভাবেই ভারতকে বিশ্বাস করা যায় না!’
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে ভারত প্রতিশ্রুতি রক্ষা করে কি না এ নিয়েই মিয়াঁদাদের অবিশ্বাস। ডিসেম্বরে প্রস্তাবিত পাকিস্তান-ভারত সিরিজের ভেন্যু ঠিক হয়ে গেলেও এটির ভবিষ্যৎ ঝুলে আছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপর। ভারত সরকারের নেতিবাচক মনোভাব আবার অনিশ্চয়তায় ফেলে দিয়েছে সিরিজটিকে। আর এ নিয়েই কথা বলতে গিয়ে ভারতের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘বিষয়টি যখন প্রতিশ্রুতি রক্ষার, ভারতকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে সব সময়ই সমস্যা তৈরি করেছে ভারত।’
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনকে মিয়াঁদাদ আরও বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সব কাজই নিজেদের মর্জিমতো করতে অভ্যস্ত। অন্যদের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। আর পাকিস্তানের মাটিতে নামানোর প্রচেষ্টা তো তাদের সব সময়ই থাকে।’ প্রস্তাবিত সিরিজ খেলাটা চুক্তির অংশ হলেও ভারত সেই চুক্তিকে অবজ্ঞা করছে বলে মনে করেন মিয়াঁদাদ। পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’ এ ক্ষেত্রে পাকিস্তানকে দেখেন অনেক আন্তরিক, ‘পিসিবি পুরো বিষয়টি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টাই করেছে।’
গত সেপ্টেম্বরেই সিরিজটি নিয়ে পিসিবিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পেছনে না ছোটার পরামর্শ দিয়েছিলেন মিয়াঁদাদ, ‘ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় না শুধু হেরে যাওয়ার ভয়েই।’ এবার ভারতকে আরও আক্রমণ করলেন আরও জোরালো ভাষায়। তবে মিয়াঁদাদের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বিসিসিআই। বিসিসিআই সহসভাপতি ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, ‘জাভেদ মিয়াঁদাদই হোন বা অন্য কেউ, দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কে কী বললেন তাতে কিছু আসে যায় না। পিসিবির সঙ্গে বিসিসিআই কথা বলছে। আলোচনা চলছে। পুরো বিষয়টিই নির্ভর করছে ভারত সরকারের ওপর। সরকার যা বলবে তা-ই হবে।’ দ্য ডন, জি নিউজ।