পেসারদের আক্রমণাত্মক শুরু, শরীরী ভাষা, শেষে ব্যাটসম্যানদের চেষ্টা—আফগানিস্তানের সব ঠিকই ছিল। বাদ পড়ে গেল কেবল একটা অনুষঙ্গ। ভারতীয় ব্যাটসম্যানদের দেওয়া তিন তিনটা আউটের সুযোগ হাত ফসকে পড়ে গেল। ক্যাচ পড়ল তো ম্যাচ পড়ল। ৫ উইকেটে ১৫৯ রান করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা ভারত জিতে গেল ২৩ রানে।১৬০ রানের জয়ের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ৩.৫ ওভারে ২৬ রান খারাপ শুরু ছিল না আফগানদের জন্য। বরং দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ-নওরজ মঙ্গলের পর করিম সাদিক আর মোহাম্মদ নবীর ব্যাটেও ছিল ভারতীয় বোলারদের ওপর চড়াও হওয়ার মানসিকতা। কিন্তু ক্যানসারকে হারিয়ে ফেরা যুবরাজ সিং অঘটন মানবেন কেন? হ্যাটট্রিক না পেলেও পর পর দুই বলে ২ উইকেট নিয়ে ২ উইকেটে ৭৫ রান থেকে আফগানিস্তানের স্কোর বানিয়ে দিলেন ৪ উইকেটে ৭৫। আগেই নেওয়া নওরজের উইকেটসহ ২৪ রানে ৩ উইকেট যুবরাজের। ১৯ রানে ৩ উইকেট পেয়েছেন বালাজিও।হারলেও গৃহযুদ্ধে বিক্ষত আফগানিস্তান থেকে মাথা তুলে দাঁড়ানো ক্রিকেট শুরুতেই ধাক্কা দিয়েছিল ভারতকে। ১৫ রানে গৌতম গম্ভীর ও ২২ রানে বীরেন্দর শেবাগকে তুলে শোয়েব আখতারের ভঙ্গিতে উড়তে চাইলেন শাপুর জাদরান। কিন্তু বিরাট কোহলির সঙ্গে যুবরাজ সিংয়ের ৬ ওভারে ৪৬ রানের তৃতীয় উইকেট জুটির পর থেকে রং হারাতে থাকল উৎসব।ব্যাট হাতেও রাজার মতো শুরু ছিল যুবরাজের। রানের খাতা খুললেন শাপুরকে মাথার ওপর দিয়ে মারা দারুণ এক ছক্কায়। ব্যক্তিগত ১৭ রানে অফ স্পিনার মোহাম্মদ নবীর বলে নবীর হাত থেকেই বেঁচে গেলেও যুবরাজ আউট হয়ে গেছেন আর এক রান করেই।কোহলি, সুরেশ রায়না আর মহেন্দ্র ধোনির ব্যাটে তার পরও জেতার মতো রান পেল ভারত। তবে মূল ‘কৃতিত্ব’ আফগানিস্তানের বাজে ফিল্ডিংয়ের। ব্যক্তিগত ২ ও ১৫ রানের সময় দুবার আউট হওয়ার হাত থেকে বেঁচেছেন শেষ পর্যন্ত ৩৮ রান করা রায়না। প্রথমবার বাঁচিয়েছেন যুবরাজের ক্যাচ ফেলা সেই নবীই, এবং এবারও নিজের বলে। দুই-দুটি ক্যাচ ফেলার জ্বালা তিনি কিছুটা কমিয়ে থাকবেন দৌলত জাদরানের বলে লং অফে নেওয়া কোহলির (৫০) দুর্দান্ত ক্যাচটা নিয়ে।সংক্ষিপ্ত স্কোরভারত: ২০ ওভারে ১৫৯/৫ (গম্ভীর ১০, শেবাগ ৮, কোহলি ৫০, যুবরাজ ১৮, রায়না ৩৮, ধোনি ১৮*, রোহিত ১*; শাপুর ২/৩৩, দৌলত ১/২৫, সাদিক ১/৩৩, নবী ১/৩৫)। আফগানিস্তান: ১৯.৩ ওভারে ১৩৬ (শাহজাদ ১৮, মঙ্গল ২২, সাদিক ২৬, আসগর ৬, নবী ৩১, শেনওয়ারি ১, শফিকউল্লাহ ৮, নাইব ৫, নাজিবুল্লাহ ৫, দৌলত ৮, শাপুর ০*; বালাজি ৩/১৯, যুবরাজ ৩/২৪, অশ্বিন ২/২০, ইরফান ১/২৯)। ফল: ভারত ২৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।