ভারতকে শেষ চারে দেখছেন দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি।
রাহুল দ্রাবিড়। ছবি: এএফপি।

সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিই জিতেছে ভারত, গত ১১টি ম্যাচে হার মাত্র একটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা যখন নিজেদের দেশে, ভারতকে ফেবারিট না মানার কোনো কারণ নেই। রাহুল দ্রাবিড় তো শেষ চারে ভারতকে স্পষ্টই দেখতে পাচ্ছেন।
সুপার টেনে নিজেদের গ্রুপে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে পাচ্ছে ভারত। আরেকটি প্রতিপক্ষ হবে বাংলাদেশ বা ওমান। অস্ট্রেলিয়াকে কিছুদিন আগে তাদেরই মাঠে হারিয়ে এসেছে ভারত। আর পাকিস্তানকে এশিয়া কাপে হারানোর স্মৃতিটা তো টাটকাই। কাজেই গ্রুপ পর্ব পেরোনো ভারতের জন্য কঠিন মনে করছেন না দ্রাবিড়। যেহেতু প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে উঠবে, দ্রাবিড় তাই সেখানে অবশ্যই ভারতকে রাখছেন, ‘আমার মনে হয় ভারত শেষ চারে যাবে। সেমিফাইনাল বা ফাইনালে অবশ্য ওই নির্দিষ্ট দিনে যে ভালো করতে পারবে সেই জিতবে।’
ভারতের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ রেখাও দ্রাবিড়ের কাছে স্পষ্ট, ‘আমার মনে হয় সামনের ২৪ মাস ভারতের ক্রিকেটের জন্য দারুণ রোমাঞ্চকর সময়। এই বিশ্বকাপে দল নিয়ে আশার সবচেয়ে বড় কারণ, ভারতীয় দলের গভীরতা অনেক। দারুণ ভারসাম্যপূর্ণও।’
নির্দিষ্ট করে কয়েকজনের কথাও তুলে আনলেন, ‘হার্দিক পান্ডিয়া ও পবন নেগি দেখাচ্ছে, আমাদের ব্যাটিং গভীরতা আট বা নয় নম্বর পর্যন্ত। এই কন্ডিশনে কাজে লাগানোর মতো আমাদের ছয় বা সাতজন বোলারও আছে। আশিস নেহরা শুরুতে ভালো করছে, বুমরাহও শেষদিকে ভালো করছে। এই দুই জায়গায় ভারত ভুগছিল, সেটা কাটিয়ে উঠেছে। সব মিলে দারুণ একটা দল।’
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়া আর কার সম্ভাবনা দেখছেন? দ্রাবিড় আলাদা করে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার নাম বললেন, ‘অস্ট্রেলিয়ার গভীরতা অনেক। আইপিএলেও ওরা অনেক খেলেছে, ভারতে খেলার অভিজ্ঞতা তাদের অনেক। দক্ষিণ আফ্রিকাও ম্যাচ-উইনার অনেক, ওদের কথাও মাথায় রাখতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া।