ভারতকে সমীহ স্ট্রাউসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা একের সঙ্গে তিনের। তবে দুই আর তিন—এই দুই দলের মধ্যে ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্টের। তাই বলতেই পারেন, লড়াইটা হতে চলেছে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের সেরা দুই দলের। ইংল্যান্ড-ভারত লড়াইয়ের আগমনী বার্তাতে তাই রোমাঞ্চিত হওয়াই যায়!রোমাঞ্চিত খোদ অ্যান্ড্রু স্ট্রাউসও। এতটাই যে, ইংল্যান্ড অধিনায়ক ভারত-ইংল্যান্ড লড়াইকে তুলনা করে বসলেন অ্যাশেজের সঙ্গে, যে অ্যাশেজ ইংলিশদের কাছে অন্য এক উন্মাদনার নাম, ‘ভারতের বিপক্ষে এই সিরিজ অবশ্যই অ্যাশেজের সমানই। গত অ্যাশেজের তুলনায় একটা বাড়তি সুবিধা আমরা এই সিরিজে পাব। কারণ খেলাটা হচ্ছে আমাদের নিজেদের মাঠে।’বোঝাই যাচ্ছে, ২১ জুলাই লর্ডসে শুরু চার টেস্টের সিরিজে নিজেদেরই ফেবারিট বলছেন স্ট্রাউস। তবে এটাও মনে করিয়ে দিচ্ছেন, ‘গত দুই বছরে ভারত কী কী করেছে, সেটা ভেবে দেখলেই বুঝবেন, ভারতের আত্মবিশ্বাস এখন কোন পর্যায়ে আছে।’গত দুই বছরে ইংল্যান্ডও কিন্তু দুর্দান্ত খেলছে। ২০০৯-এর মে থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি। আটটি সিরিজ খেলে জিতেছে সাতটিই। জিতেছে সর্বশেষ পাঁচটি সিরিজই। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটিকে কেউ গুরুত্ব না দিতে চাইলেও পাকিস্তান, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কাকে তো দিতেই হবে।র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতের কঠিন পরীক্ষাই তাই নিতে চলেছে এক পয়েন্টের কারণে তিনে থাকা (দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৭, ইংল্যান্ডের ১১৬) ইংল্যান্ড। বলা হচ্ছে, এখন পর্যন্ত সাফল্যের সাগরে ভাসতে থাকা ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্যও পরীক্ষার বড় মঞ্চ এটি। স্ট্রাউস অবশ্য বলছেন, পরীক্ষাটা ইংল্যান্ডেরই, ‘শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই যদি দেখেন, এক নম্বর দলের বিপক্ষে খেলার চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না।’স্ট্রাউসরা যখন এমন সমীহ করেই কথা বলছেন, হরভজন সিং তখন হুংকারই ছাড়ছেন। এমনিতে বিনয় ব্যাপারটা ভাজ্জির সঙ্গে ঠিক যায়ও না। এই স্পিনার সিরিজের আগাম ফল বলে দিলেন—জিততে চলেছে ভারত! এএফপি, রয়টার্স।