ভারতকে সেরা মনে হচ্ছে না ওয়াহর
গলে প্রথম টেস্টে হারতে হয়েছে ১০ উইকেটে। চলতি কলম্বো টেস্ট নিশ্চিত ড্রয়ের পথে। সিরিজের শেষ টেস্টটা হারলে শীর্ষস্থানটাই হাতছাড়া হয়ে যাবে ভারতের। মহেন্দ্র সিং ধোনিদের শ্রীলঙ্কা সফরটা এখন পর্যন্ত সুখকর হয়নি। শ্রীলঙ্কায় ভারতের পারফরম্যান্স দেখে স্টিভ ওয়াহর উপলব্ধি, ‘এই দলকে মোটেও এক নম্বর মনে হচ্ছে না।’‘খেলাধুলার বাণিজ্যিকীকরণ’ নিয়ে একটি স্কুল বিতর্কের অতিথি হিসেবে যোগ দিতে সিনিয়র ওয়াহ এখন ভারতেই। সেখানেই কাটাছেঁড়া করেছেন শ্রীলঙ্কায় ভারতের পারফরম্যান্স, ‘ভারতীয় দলটা পুরোপুরিই ব্যাটিং নির্ভর, বোলিং যথেষ্ট শক্তিশালী নয়। যদিও চোটের কারণে জহির খান দলের বাইরে, আরও কিছু ইনজুরি সমস্যা আছে। কিন্তু বাস্তবতা, শ্রীলঙ্কার বিপক্ষে ওদের লড়াই করতে হচ্ছে। ওদের মোটেও শীর্ষ টেস্ট দল বলে মনে হচ্ছে না।’শ্রীলঙ্কা সিরিজের পর ভারতের পরবর্তী টেস্ট ওয়াহর দলের বিপক্ষেই, আগামী অক্টোবরে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ভারতে যাবে ওয়াহর উত্তরসূরিরা। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অবশ্য মানছেন দেশের মাটিতে ভারত অন্যরকম, ‘দেশের মাটিতে ভারতকে হারানো সব সময়ই কঠিন। যদিও ভারতের বোলিং আক্রমণ খুব একটা সুবিধার নয়। এমনকি হরভজন সিংয়েরও বছরটা যাচ্ছে মিশ্র, ঠিক ধারাবাহিক মনে হচ্ছে না। কিন্তু অস্ট্রেলিয়াকে সামনে পেলেই জ্বলে ওঠেন হরভজন। সিরিজটা তাই খুব কঠিন হবে।’ খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে কখনোই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেননি ওয়াহ। ২০০১ সালে কলকাতায় ওয়াহদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে এনেছিলেন লক্ষ্মণ, দ্রাবিড়, হরভজনরা। দেশের মাটিতে ভারত কতটা ভয়ংকর, তা ওয়াহর চেয়ে ভালো আর কজনই বা জানে!শুধু ভারতের মাটিতে বলেই সিরিজ কঠিন হবে, তা নয়। ওয়াহর দাবি, বেশ কজন গ্রেট অবসর নেওয়ায় অস্ট্রেলিয়ার সোনালি সময়টা হারিয়ে গেছে, ‘১৯৯৫ থেকে ২০০৫ পর্যন্ত অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে। কিন্তু এখন আর তারা মোটেও ভীতিকর কোনো শক্তি নয়। তারা তাদের রাজত্ব হারিয়ে ফেলেছে। দ্রুত এতজন ভালোমানের ক্রিকেটারকে হারিয়ে ফেললে এমনটা হয়। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও এমনটা হয়েছিল, সত্তর-আশির দশক তারা নিয়ন্ত্রণ করেছিল। এখন পাঁচটি দল—অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড প্রায় একই মানের।’শেন ওয়ার্ন, অনিল কুম্বলের পর টেস্ট থেকে মুত্তিয়া মুরালিধরনেরও বিদায়ে একটি যুগের অবসান হলো বলে ধারণা ১৬৮ টেস্ট খেলা ওয়াহর। তবে আশা করছেন, কেউ না-কেউ ঠিকই তাঁদের জায়গা নেবেন, ‘একই যুগে মুরালি, শেন ও অনিলের মতো বোলারদের পাওয়া বিশাল ব্যাপার। ওরা হাজার দুয়েকের বেশি উইকেট নিয়েছে। তবে খেলাটা সব সময়ই ব্যক্তির চেয়ে বড়, আমি বিশ্বাস করি এমন প্রতিভা নিশ্চয়ই আছে যারা তাদের শূন্যতা পূরণ করবে। গ্রায়েম সোয়ান খুব ভালো করছে, হরভজন তো আছেই। মেন্ডিসও দারুণ বোলার, ও অবশ্যই ব্যাড-প্যাচ কাটিয়ে উঠবে।’টেস্টে দর্শকস্বল্পতার জন্য ইদানীং দাবি উঠছে দিবারাত্রির টেস্টের। ওয়াহও এতে ক্ষতির কিছু দেখছেন না। ওয়েবসাইট।