ভারতকে হারাল পাকিস্তান
হোক না বয়সভিত্তিক টুর্নামেন্ট, ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই যুদ্ধের আবহ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। কাল যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এ দুই দুলের লড়াইয়ে যুদ্ধ-যুদ্ধ এই ভাবটা বরং একটু বেশিই ছিল। বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে ভারতকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান।ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের বরফটা একটু একটু করে গলতে শুরু করেছিল। কিন্তু হঠাত্ করেই মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াল আইপিএল। ভারতের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে চূড়ান্ত অবজ্ঞার শিকার হয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কোনো পাকিস্তানি ক্রিকেটারকেই নেয়নি আটটি দলের কেউ। বিষয়টি আঁতে ঘা দিয়েছে পাকিস্তানকে—খেলোয়াড়, কর্মকর্তা থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ মানুষও এতে অপমানিত বোধ করেছে।পরশু যুব বিশ্বকাপের ম্যাচটি পাকিস্তানের কাছে তাই হয়ে দাঁড়িয়েছিল ওই অবজ্ঞার জবাব দেওয়ার উপলক্ষ। জবাব পাকিস্তান দিয়েছেও। বৃষ্টির কারণে ২৩ ওভারে নেমে দাঁড়ানো ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১১৪ রান তুলতে পারে ভারত। ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার ফাইয়াজ বাট। ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।বৃষ্টিবিঘ্নিত আরেক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে ৩৪.৪ ওভারে ১৬৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩৩.১ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। এএফপি।