ভারতকে হালকাভাবে নিচ্ছেন না অ্যান্ডারসন
লর্ডস টেস্টে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে ইংল্যান্ড সফর শুরু করেছে ভারত। আজ ট্রেন্টব্রিজে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ডের দুর্দান্ত পেস আক্রমণের কথা মাথায় রেখে ট্রেন্টব্রিজের বোলিং-সহায়ক উইকেটে অনেকেই স্বাগতিকদেরই এগিয়ে রাখছে। তবে ভারতকেও খুব একটা হালকাভাবে নিচ্ছেন না জেমস অ্যান্ডারসন। প্রথম টেস্টটা হেরে গেলেও দ্বিতীয় টেস্টে আবার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির আছে বলেই মনে করছেন এই ইংলিশ পেসার।আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যান্ডারসন বলেছেন, ‘ভারতের দলটা খুবই শক্তিশালী। জহির খান খেলতে পারছেন না, এটা তাদের দুর্ভাগ্য। কিন্তু তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। তবে আশা করছি আমরাও পরবর্তী টেস্টগুলোতে ভালো খেলতে পারব।’টেস্ট ইতিহাসের ২০০০তম ম্যাচটা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েই জিতে নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। কেভিন পিটারসেনের অনবদ্য ডবল সেঞ্চুরির পর বল হাতে জ্বলে উঠেছিলেন অ্যান্ডারসন। ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেছিলেন ইংল্যান্ডের জয়টা। এবার দ্বিতীয় টেস্টেও তাঁর কাছ থেকে সে রকম পারফরমেন্সেরই আশা করছে ইংলিশ সমর্থকেরা। ইএসপিএন।