ভারতকে হ্যাডলির সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ হাজার ৫৩৯ রান। ১০৪টি সেঞ্চুরি। ১৮৪টি ফিফটি। ব্যাটিং-ত্রয়ীর টেস্ট রেকর্ড বলছে, তিনজনই একসঙ্গে চলে গেলে কৃষ্ণগহ্বরের মতো বিরাট এক শূন্যতা তৈরি হবে ভারতের ক্রিকেটে। অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হওয়ার পর দেশের একটা বড় অংশজুড়ে ‘সিনিয়র-ছাঁটাই আন্দোলনে’র যে ডাক দেওয়া হচ্ছে, সেই স্রোতে গা ভাসালে ভুলই করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের কেউ নয়, এই সতর্কবার্তা শোনালেন রিচার্ড হ্যাডলি।নিউজিল্যান্ডের এই সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার বলেছেন, তাড়াহুড়ো করে সিনিয়রদের সরিয়ে দেওয়ার ফল ভালো হবে না ভারতের জন্য, ‘টেন্ডুলকার, লক্ষ্মণ, দ্রাবিড়দের অবসর নিয়ে বেশি কথা বলা উচিত হবে না। একই সঙ্গে এই তিন ক্রিকেটারকে হারিয়ে ফেললে যে শূন্যতা তৈরি হবে, তা ভারত পূরণ করতে পারবে না। তাদের জায়গা নেওয়ার জন্য তরুণ ক্রিকেটারদের আগে তৈরি করতে হবে।’টেন্ডুলকারের শততম সেঞ্চুরি নিয়েও বেশি কথা বলার কিছু দেখেন না হ্যাডলি। নিজে একসময় ইয়ান বোথামের সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ডের পেছনে ছুটেছেন। সেই অভিজ্ঞতা থেকে জানেন, এটা কতটা চাপের, ‘আপনি যখন বড় একটা মাইলফলকের পেছনে ছুটবেন, আমি যেমন বোথামের রেকর্ডটার পেছনে ছুটেছিলাম, বিরাট বড় চাপ তৈরি হবে আপনার ওপর। আমি নিশ্চিত, টেন্ডুলকারেরও তা-ই হচ্ছে।’টেন্ডুলকারকে নিয়ে ওঠা সমালোচনারও ভিত্তি খুঁজে পান না ৪৩১টি টেস্ট উইকেটের মালিক, ‘মনে আছে ২০০৭ বিশ্বকাপের সময়ও লোকে টেন্ডুলকারের অবসর নিয়ে শোরগোল তুলল। কিন্তু ভেবে দেখুন, পরের পাঁচটা বছরে ও কত রানই না করল! হতে পারে টেন্ডুলকার এক বছর ধরে সেঞ্চুরি পায় না। কিন্তু ও দারুণ ব্যাটিং করছে। ষাট, সত্তর, আশির ঘরের অনেকগুলো ইনিংস আছে। ভারতের ইনিংসও ওই ধরে রেখেছে।’আবর্তন পদ্ধতির বলি যদি না হন, কে বলতে পারে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে আজও টেন্ডুলকার জ্বলে উঠবেন না? ইংল্যান্ডের ও অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যর্থতার দোষ খেলোয়াড়দের ঘাড়ে চাপানোর পক্ষে যুক্তি দেখেন না এই ৬০ বছর বয়সী। বরং তিনি মনে করেন, দেশে ন্যাড়া উইকেট বানিয়ে ভারতই প্রাণভোমরাকে কৌটাবন্দী করে রেখেছে, ‘ভারতীয় ব্যাটসম্যানরা চিরাচরিতভাবেই নিজেদের কন্ডিশনে ভালো খেলে। কিন্তু বিদেশে সুইং আর বাউন্সি কন্ডিশনে সমস্যায় পড়ে যায়। তাদের এই টেকনিক্যাল সমস্যাটার কথা সবাই জানে।’টেস্টের এক নম্বর দল থেকে ভারতের এই অধঃপতন দেখে কেউ কেউ আইপিএলের দোষ দিচ্ছেন। হ্যাডলি কিন্তু শুধু একটা টুর্নামেন্টের দিকেই আঙুল তোলার পক্ষে নন, ‘আমি আইপিএলের কথা বলব না, বরং বলব পুরো টি-টোয়েন্টিরই কথা। এটাই টেস্ট ক্রিকেটকে ধ্বংস করছে।’ টি-টোয়েন্টি ক্রিকেটকে আইসিসি সোনার হাঁস ভেবে বসলে ক্রিকেটের জন্যই ক্ষতিকর হবে বলেও সতর্ক করে দিলেন, ‘দর্শক টানা, খেলোয়াড় আর বোর্ডদের জন্য আয়ের ব্যবস্থা করা...সবই ঠিক আছে। কিন্তু একটা ভারসাম্যও থাকতে হবে।’ ওয়েবসাইট।