ভারতকে ১২৭ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি উইকেট পাওয়ার পর ভারতীয় বোলারদের উল্লাস। ছবি-এএফপি।
আরও একটি উইকেট পাওয়ার পর ভারতীয় বোলারদের উল্লাস। ছবি-এএফপি।

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ঠিকই, তবে নিউজিল্যান্ডের ম্যাচে ‘ব্রেন্ডন ম্যাককালাম থাকলে কী হতো’ প্রসঙ্গটা আসারই কথা। ভারতের সঙ্গে ম্যাচে তো আরও বেশি। এর আগে যে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছে দুদল, চারটিতেই জিতেছে নিউজিল্যান্ড (একটি ম্যাচ পরিত্যক্ত)। চারটি ম্যাচে ম্যাককালামের রান দেখুন—৪৫,৫৬, ৬৯ *, ৯১!

আজ ম্যাককালাম নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডও ধুঁকল। ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে তুলল ৭ উইকেটে মাত্র ১২৬ রান। ভারতের যেমন ‘দুর্ধর্ষ’ ব্যাটিং লাইনআপ, তাতে স্পিনিং পিচে এখন নিউজিল্যান্ড জেতাতে পারে শুধু বোলারদের অবিশ্বাস্য রকম ভালো বোলিং। নিউজিল্যান্ডও যে তিন স্পিনার নিয়ে নেমেছে।
অথচ ইনিংসের শুরুটা বেশ উত্তেজনায় ভরপুর এক ম্যাচের প্রতিশ্রুতি দিচ্ছিল। অশ্বিনের প্রথম বলে গাপটিলের অসাধারণ ছক্কা, পরের বলেই ‘শোধ’ তুলে নিলেন ভারতীয় অফ স্পিনার। চতুর্থ বলেই আবার কলিন মানরোর ছক্কা! প্রথম ওভারেই সব মিলিয়ে ১৩ রান, এক উইকেট। বল-ব্যাটের জমজমাট লড়াইয়ের একটা গল্পই হয়তো আশা করছিলেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু অতটুকুই। নেহরা-বুমরাহর সামনে বেশ অস্বস্তিতেই ছিলেন কিউই ব্যাটসম্যানরা। অস্বস্তিটা চলল পুরো ইনিংসজুড়েই। এমনই যে, পিচের অল্প সুবিধা তুলে নিয়ে জাদেজা-রায়নারাও যেন হয়ে উঠলেন ‘মুরালি-হেরাথ’! নিউজিল্যান্ডের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি রান এসেছে কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে, ৩৪। কিন্তু নামের কারণেই অবিশ্বাস্য লাগতে পারে, টেস্ট-প্রমাণ ছিল অ্যান্ডারসনের ইনিংসটা (৪২ বলে)! রায়নার দুর্দান্ত ক্ষিপ্রতায় রানআউট হওয়ার আগে একই রকম টেস্ট গতির ছিল রস টেলরের ইনিংস (১৪ বলে ১০)। আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ইনিংসের তো টেস্টের তুলনায়ও রীতিমতো ‘প্রস্তর-যুগে’র—১৬ বলে ৮!
তারপরও যে শেষ পর্যন্ত ১২৬ রানে পৌঁছেছে নিউজিল্যান্ডের ইনিংস, তার কৃতিত্ব মিচেল স্যান্টনারের ১৭ বলে ১৮ ও লুক রনকির ৯ বলে ১৩ রানের ইনিংস দুটির। বোলিংয়ে ভারতের হয়ে এক হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি সবাই এক উইকেট করে পেয়েছেন। তবে দুই ওভারের বেশি করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলারটির নাম রবিচন্দ্রন অশ্বিন, ৪ ওভারে ৩২ রান দিয়েছেন তিনি।