ভারতকে ২৭৩ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুর মতো শেষটাও খুব একটা ভালো হলো না বাংলাদেশের। মাঝখানে এনামুল, মুশফিক, সাকিব ও মাহমুদুল্লাহর ভালো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২৭২ রান জমা করেছে স্বাগতিকরা।
৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৯ রান। ৪২তম ওভারের প্রথম বলেই ৫২ রান করে সাজঘরে ফিরেছিলেন সাকিব। তিন ওভার পর ৪১ রান করে আউট হয়েছিলেন মাহমুদুল্লাহ। সেসময় স্কোর ছিল ৬ উইকেটে ২২৯ রান। পরের দুই ওভারেই স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৮ উইকেটে ২৩৫ রান। শেষপর্যায়ে মাশরাফির ১০ বলে ১৮ ও রাজ্জাকের ১২ বলে ১৬ রানের ইনিংস দুইটির সুবাদেই ২৫০ রানের কোটা পেরোতে পেরেছে মুশফিক বাহিনী।
সাকিব-মাহমুদুল্লাহর আগে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক মুশফিক ও এনামুল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন মুশফিক। এনামুলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। প্রথম ১১ ওভারের মধ্যে মাত্র ৩৫ রানেই তামিম ও মমিনুলের উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন মুশফিক ও এনামুল। পঞ্চম উইকেটে সাকিব ও মাহমুদুল্লাহর জুটি থেকে এসেছে ৬৫ রান। এই দুইজন আরও কিছুক্ষণ উইকেটে থাকতে পারলে নিশ্চিতভাবেই ভারতকে আরও বড় লক্ষ্যের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারত বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ব্যাট হাতে আজও সফল হতে পারেননি তামিম। ১১ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন এই বামহাতি ওপেনার।
ভারতের পক্ষে ৪৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। দুইটি করে উইকেট নিয়েছেন অমিত মিশ্র ও পারভেজ রসুল।