ভারতকেই এগিয়ে রাখছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজকের সেমিফাইনাল নিয়ে বলার আগে একটু প্রথম সেমিতে ফিরে যাই। দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের দেওয়া অসাধারণ উপহারটির প্রশংসা না করলেই নয়। অবিশ্বাস্য এক ম্যাচ। নিজেকে বারবারই বলছিলাম, এমন ক্রিকেটের অপেক্ষায়ই তো ছিলাম! বিশ্বকাপ শুরুর আগে থেকেই আমি নিউজিল্যান্ডের কথা বলে আসছিলাম। দেখে ভালো লাগছে যে ওরা দেশের মানুষের প্রত্যাশার প্রতিদান দিতে পেরেছে।
দক্ষিণ আফ্রিকার জন্য খারাপ লেগেছে। ওরাও ভালো খেলেছে। কিন্তু ক্যাচ ছাড়লে তো ম্যাচ জেতা যায় না! এমন উঁচুমানের ফিল্ডিং দলের জন্য এই ফিল্ডিং হতাশার। মনে পড়ছে ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের কথা, একটি সহজ ক্যাচ ফেলার মূল্য দিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে অবশ্যই বলব না ওরা ‘চোক’ করেছে, বরং হেরেছে শ্রেয়তর দলের কাছেই। দক্ষিণ আফ্রিকানদের দুঃখটা আমি বুঝি। প্রতিবারই শিরোপা জয়ের আশায় এসে ওরা ব্যর্থ হয়। তবে এবার ধ্রুপদি এক ম্যাচে হেরেছে, কাজেই নিজেদের নিয়ে গর্ব করতেই পারে। নিউজিল্যান্ড এখন ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায়?
আজকের ম্যাচকে কার্যত ফাইনাল ধরা হচ্ছে। অস্ট্রেলিয়া-ভারত টুর্নামেন্ট শুরুর আগেই ফেবারিট। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি ধারাবাহিকতা। ভারত আবার টুর্নামেন্টের শুরুর আগে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় টুর্নামেন্টের ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্ত রূপে। আমি নিশ্চিত, এত লম্বা সময় অস্ট্রেলিয়ায় কাটানোর সুবিধা ভারত কাজে লাগিয়েছে। পরাজয়ও অনেক সময় শিক্ষা। অস্ট্রেলিয়ান উইকেটে ব্যাটিং ও বোলিংয়ের সূক্ষ্ণ ব্যাপারগুলো ছেলেরা ধরতে শিখেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই দল মূলত বোলারদের নৈপুণ্যবলে এগিয়েছে। ম্যাচ জিততে হলে চাই উইকেট, ক্রিকেটের এই মন্ত্র এই দল বুঝতে শিখেছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বও চোখে পড়ার মতো। পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছে। মাঠে ওর স্থিরতা দলের অন্যদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলেছে, স্নায়ুর চাপ সরিয়ে নিয়েছে। ধোনি কীভাবে চ্যালেঞ্জটা নেয় এবং কঠিন পরিস্থিতির জন্য কীভাবে নিজের সেরাটা জমিয়ে রাখে, দেখে আমি বারবার বিস্মিত হই। ভারতের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। সেই বিশ্বাসটা আসে সাফল্যের স্বাদ থেকে। পরাজয় ছুঁয়ে যায় সত্যি, তবে সাফল্য বিশ্বাসকে মজবুত করে। পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরু করার পর থেকে নিজেদের স্কিলটাও তুলে ধরতে পেরেছে ভারতীয়রা। প্রতিটি জয় থেকে দল আরও শক্তি খুঁজে পেয়েছে।
তবে আমরা জানি, অস্ট্রেলিয়া কতটা নাছোড়বান্দা দল। কিনারা থেকে ঘুরে দাঁড়াতে পারে চোখের পলকে। যদিও আমি সন্দিহান, ভারতের জয়যাত্রাকে ওরা রুখতে পারবে কি না। ভারতকে ফেবারিট বলার মূল কারণ, ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ। তিন ফাস্ট বোলার দুর্দান্ত বোলিং করছে, দুই স্পিনারও দারুণ কার্যকর হচ্ছে। সবাই এত ভালো করেছে যে একজন থেকে আরেকজনকে আলাদা করা কঠিন। অস্ট্রেলিয়ার ভাবনার কারণ তাই আছে বৈকি! পাকিস্তানের পেস আক্রমণে নড়বড়ে হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া, বিশেষ করে ওয়াহাব রিয়াজের পেসে। অস্ট্রেলিয়ানদের ফাটল ধরতে পেরেছে রিয়াজ, ভারতকে আজ সেটি কাজে লাগাতে হবে।
নখ কামড়ানো উত্তেজনার একটি ম্যাচের আশায় থাকলাম। তবে ভারতকেই এগিয়ে রাখব, কারণ ভারত খেলছে একটি দল হিসেবে।(পিচ সলিউশন)