ভারতকেই ফাইনালে চেয়েছিল পাকিস্তানিরা
রানের পাহাড় গড়েও ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি পাকিস্তান। বিরাট কোহলির ১৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচটা ৬ উইকেটে জিতে নিয়েছিল বিশ্বকাপজয়ীরা। কিন্তু তার আগেই ফাইনালে খেলাটা নিশ্চিত হয়ে যাওয়ায় এই হারটা হয়তো খুব বেশি পাত্তা দিতে চাননি পাকিস্তানের ক্রিকেট সমর্থকেরা। তবে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বলেই অনেকে হয়তো এশিয়া কাপের ফাইনালে ভারতকে একহাত নিয়ে প্রতিশোধ তোলার আশা করেছিলেন। কিন্তু এসব সমীকরণ ওলট-পালট করে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্স। ভারতের পর শ্রীলঙ্কাকেও হারের স্বাদ দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকেরা।তবে এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কিন্তু পুরোপুরি খুশি করতে পারেনি পাকিস্তানিদের। বরং তাদের মধ্যে রয়েছে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই আফসোস করছে ফাইনালে ভারতকে হারিয়ে ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ না পেয়ে। তবে অনেকেই বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করে স্বাগতিক দলকে জানিয়েছেন অভিনন্দন।গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের পরপরই শেষ হয়ে যায় পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের ‘প্রতিশোধ মিশনে’র আশা। পাকিস্তানি কিছু সমর্থকের ভাব অনেকটা এমন যে বাংলাদেশকে প্রতিপক্ষ পেয়ে ফাইনালের মজাটা একটু মিইয়ে গেল। যেন বাংলাদেশকে সহজেই হারাবে পাকিস্তান। যেমন কলেজছাত্রী জিসান বলেছেন, ‘ভারতকে ছাড়া এশিয়া কাপের ফাইনালের সেই উত্তেজনাটা হয়তো পাওয়া যাবে না। আমাদের অনেকেই চেয়েছিল ফাইনালে ভারতই যাক। কারণ, আমরা অনেক দিন তাদেরকে কোন বড় ম্যাচে হারাইনি।’মেহমুদ আরিফ নামের এক ক্রিকেটপ্রেমী বলেছেন, ‘এটা একটু হতাশাজনক। আমরা ফাইনালে ভারতকেই দেখতে চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম, ফাইনালে ভারতকে হারিয়ে এর আগের ম্যাচে হারের প্রতিশোধটা নেওয়া যাবে।’ তবে সাধারণ মানুষের আবেগ যা-ই হোক, ফাইনালে বাংলাদেশকে বেশ শক্ত প্রতিপক্ষই মনে করেন ক্রিকেট লেখক সাদ শাফকাত। তিনি বলেছেন, ‘দল হিসেবে বাংলাদেশ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। তারা এ মুহূর্তে আগের চেয়ে অনেকটাই পরিপক্ব।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সাধারণ মানুষ যা-ই বলুক না কেন, এশিয়া কাপে বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে তাদের বাহবা দিতেই হয়।’ ফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে যে অনেকটাই সতর্ক হয়ে খেলতে হবে সেটা মিসবাহদের মনে করিয়ে দিয়েছেন তিনি।সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ ব্যক্তিগতভাবে বাংলাদেশিদের খুব একটা প্রিয়ভাজন নন। ২০০৩ সালে মুলতান টেস্টে মাঠে তাঁর অখেলোয়াড়সুলভ কর্মকাণ্ডই (হাত থেকে পড়ে যাওয়া অলোক কাপালির ক্যাচকে আউট হিসেবে দাবি করে আম্পায়ারকে বিভ্রান্ত করা) তাঁকে এই অবস্থানে নিয়ে গেছে। সেই রশিদ লতিফই কিন্তু এখন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বাংলাদেশকে ‘ভয়ংকর প্রতিপক্ষ’ হিসেবেই অভিহিত করেছেন। একই সঙ্গে কিছুদিন আগে সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের নেপথ্য কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিপিএল বাংলাদেশি ক্রিকেটারদের অনেক কিছু শিখিয়েছে। এই প্রতিযোগিতা বাংলাদেশের ক্রিকেটারদের শিখিয়েছে কীভাবে মাথা ঠান্ডা রেখে রান তাড়া করতে হয়। দলটি এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।’ টিএনএন।