ভারতজয়ে পুরস্কৃত হচ্ছেন হাফিজ-আজমলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি সন্তুষ্ট দেশটির ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের খুশিতে এবার ক্রিকেটারদের বিশেষভাবে পুরস্কৃত করতে যাচ্ছে পিসিবি। সিরিজে অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড়কে পাঁচ লাখ রুপি করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবির সভাপতি জাকা আশরাফ।এ ছাড়াও আরও পাঁচ লাখ করে রুপি পাবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ, পেসার জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফান, ওপেনার নাসির জামশেদ ও অফস্পিনার সাঈদ আজমল।ভারত সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করেছিল পাকিস্তান। পরে ওয়ানডে সিরিজটি তারা জিতেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে সিরিজের টানা দুটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নাসির জামশেদ। আর পুরো সিরিজেই ভারতীয় ব্যাটসম্যানদের তটস্থ করে রেখেছিলেন দুই পেসার জুনায়েদ খান, ইরফান ও অফস্পিনার সাঈদ আজমল।পিটিআই আরও জানায়, ক্রিকেটাররা ছাড়াও পাকিস্তান দলের কর্মকর্তাদের প্রত্যেকে পাবেন আড়াই লাখ রুপি। পিসিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাঈদ আজমল। এটা ভবিষ্যতে খেলোয়াড়দের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন এই অফস্পিনার। তিনি বলেছেন, ‘পিসিবির এই পুরস্কার দেওয়ার উদ্যোগে আমি খুবই খুশি। এটা নিশ্চিতভাবেই ক্রিকেটারদের আরও অনুপ্রেরণা জোগাবে।’