ভারতীয় দলে পরিবর্তন চান সাবেকেরা
অসহায় আত্ম-সমর্পণই তো বটে ! মুম্বাই ও কলকাতায় একই কাহিনি। একটা সময় ঘরের মাঠে বাঘ বলে যাদের খ্যাতি ছিল প্রবাদের পর্যায়ে সেই ভারতকে পরপর দুটো টেস্টে যাচ্ছেতাইভাবে হারিয়েছে ইংল্যান্ড। বিশ্বের অন্যতম সেরা লাইন আপ হিসেবে পরিচিত ভারতের ব্যাটিং যেন এই সিরিজে রীতিমতো দিগভ্রান্ত, পথহারা। ব্যাপারটি ক্ষুব্ধ করে তুলেছে ভারতের সাবেক ক্রিকেট তারকাদের। কলকাতা ও মুম্বাইয়ে পরপর দুটো টেস্টে বাজেভাবে হারার পর তাদের তরফ থেকে দাবী উঠেছে দলের খোল নলচে বদলে দেওয়ার। তাদের মতে, এটাই ভারতীয় ক্রিকেটকে ঢেলে সাজানোর সময়।ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারের মতে, এই সিরিজে অতি আত্মবিশ্বাসই ভারতের কাল হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড দারুণ প্রস্তুতি নিয়েই ভারতের মাটিতে খেলতে এসেছে বলে মনে করেন তিনি।ভেঙ্গসরকার বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে ভারতের প্রস্তুতি ছিল ভয়াবহ।’তিনি বলেন, ভারত যখন ইংল্যান্ডে খেলতে গিয়েছিল সেখানে টেস্ট সিরিজের আগে দল মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। একই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া সফরেও। কিন্তু ইংল্যান্ড ভারতে এসে সন্তোষজনক প্রস্তুতির সুযোগ পেয়েছে।ভেঙ্গসরকার মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলে কমপক্ষে দুটো পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। তিনি আশা করেন, ভারতীয় নির্বাচকেরা এই ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব ও সাহসের সঙ্গে বিবেচনা করবেন।আরেক সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের যতো ক্ষোভ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর। শ্রীকান্ত ধোনিকে ‘দ্বিধাগ্রস্ত’ একজন অধিনায়ক হিসেবেও অভিহিত করেন।তিনি বলেন, অবশ্যই আমি ধোনিকে একজন দ্বিধাগ্রস্ত অধিনায়ক মনে করি। কারণ, কঠিন পরিস্থিতিতে সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেশির ভাগ সময় দেখা যায়, গুরুতর পরিস্থিতিতে ধোনি কার্যকর কোনো সিদ্ধান্ত না নিয়ে নিয়তির ওপর দলকে ছেড়ে দেয়। ভারতের সাবেক উইকেরক্ষক ও নির্বাচক কিরণ মোরেও খুব দ্রুত দলে পরিবর্তন চান। তাঁর মতে, এই পরিবর্তনটা নাগপুরে অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্টের আগে হলেই ভালো হয়। কিরন মোরে বলেন, ‘আমরা টেস্টের প্রথম ইনিংসে ৪৫০ বা এরচেয়ে বেশি রান স্কোরবোর্ডে তুলতে পারিনি। অথচ উইকেট কিন্তু পুরোপুরি ব্যাটিং সহায়ক ছিল। যখন প্রথম ইনিংসে দল ৪৫০ রান তুলতে পারেনি, এর মানে আমরা প্রথম থেকেই ব্যাকফুটে চলে গিয়েছি।’কিরন মোরে এই মুহূর্তে দলে পাইকারী হারে পরিবর্তন আনার পক্ষে নন। তিনি বলেন, ‘এখনই দলে পাইকারী পরিবর্তন দলের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। আপাতত, নাগপুর টেস্টের আগে দুই এক জায়গায় পরিবর্তন আনা উচিত।’ কিরন মোরে অবশ্য দলের এই ব্যর্থতার জন্য এককভাবে অধিনায়ককে দায়ী করার পক্ষপাতী নন। তিনি বলেন, ‘এটা একটা টিম গেম। সফলতা যদি একক কৃতিত্বে না হয়, ব্যর্থতার দায়ভারও সকলের।’ পিটিআই।